আইরিশদের নিয়ে চাপে ভারত
সামনে আয়ারল্যান্ড। সুতরাং, সাবধান! ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান টপকানো জয়ে সব দলের কাছে এই বার্তাই যেন পৌঁছে গেছে। ভারত তো আয়ারল্যান্ড-আতঙ্কে কাঁপছে!আজ সেই বেঙ্গালুরুতেই আইরিশদের মুখোমুখি ভারত। এই ম্যাচ নিয়ে মহেন্দ্র সিং ধোনির দলের সতর্কতার শেষ নেই। দলীয় পরিকল্পনা পর্যন্ত বদলে ফেলেছে! সব বিলাসী সিদ্ধান্ত বাতিল করে খুঁজে ফিরছে দলের শক্তিবৃদ্ধির রাস্তা। এই ম্যাচে দলের প্রধান বোলার জহির খানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছিল ভারত। কিন্তু জহির তো জহির, বোলিং শক্তি বাড়াতে ভারত এখন ভাবতে শুরু করেছে প্রথম দুই ম্যাচ বাইরে বসে থাকা আশিস নেহরাকে একাদশে ফিরিয়ে আনার ব্যাপারেও!বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে এ পর্যন্ত ম্যাচ হয়েছে দুটি। ভারত-ইংল্যান্ড এবং ইংল্যান্ড-আয়ারল্যান্ড। দুই ম্যাচের চার ইনিংসে মোট রান হয়েছে ১৩৩২! চারটি ইনিংসই ৩০০ পেরোনো। চিন্নাস্বামীর নিখাদ ব্যাটিং-স্বর্গে তাই বোলাররাই হতে পারেন জয়ের নায়ক। কিন্তু সেই বোলিং নিয়েই ভারতের যত দুশ্চিন্তা। ধোনির দুশ্চিন্তার খাতায় বোলিংয়ের পাশাপাশি আছে ফিল্ডিংও। এই ম্যাচ ভারতের তাই নিজেদের বোলিং-ফিল্ডিং পরখ করে নেওয়ার সুযোগ।কেভিন ও’ব্রায়েনের সামনেও সুযোগ এসেছে আগের ম্যাচের আসুরিক ইনিংসটি যে কাকতালীয় ছিল না, সেটি প্রমাণের। ছোট ভাইয়ের ছায়ার আড়ালে চলে যাওয়া নিয়ালের জন্যও আজ আলো ছড়ানোর সুযোগ। এ পর্যন্ত ভারত-আয়ারল্যান্ড একটা ম্যাচই হয়েছে। ২০০৭ বেলফাস্টের ওই ম্যাচে নিয়াল ৫২ রান করেছিলেন। যদিও ১৯৩ রানে সেদিন অলআউট হওয়া আয়ারল্যান্ড ম্যাচটা হেরেছিল ৯ উইকেটে।ওই ম্যাচটা বলছে, আয়ারল্যান্ডকে নিয়ে ভয় পাওয়ার কথা নয় ভারতের। কিন্তু ভারত আসলে ভয় পাচ্ছে নিজেদের বোলিং-ফিল্ডিং নিয়ে। সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ পর্যন্ত মুখ খুলেছেন, ‘ভারতের অবশ্যই বোলিংয়ে আরও বেশি মনোযোগ দিতে হবে। যতটা সম্ভব বিকল্প ব্যবহার করতে হবে।’ কোচ গ্যারি কারস্টেনও ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচে স্পেশালিস্ট পাঁচ বোলার নিয়েই খেলতে পারে তাঁর দল।এদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আয়ারল্যান্ড অধিনায়ক পোর্টারফিল্ড হুমকি দিয়ে রেখেছেন, তাঁর দল এখন ‘নিজেদের বিশ্বাস’ করতে শুরু করেছে, যেকোনো লক্ষ্য তারা অতিক্রম করতে সক্ষম। ভারত নিরঙ্কুশ ফেবারিট। কিন্তু গত ম্যাচে ইংল্যান্ডও তো তা-ই ছিল।আইরিশদের ক্ষুধাও যেন বেড়ে গেছে। গত বিশ্বকাপের অধিনায়ক ট্রেন্ট জনস্টন যেমন বলছেন, আইরিশদের বিশ্বকাপ খেলার যোগ্যতা প্রমাণের আরেকটি সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করলে চলবে না, ‘ইংল্যান্ডের পাহাড় সমান রান তাড়া করে জিতেছি আমরা। এই জয়টি অবশ্যই বিশেষ কিছু।’জনস্টন আরও বলছেন, ‘সবচেয়ে বড় পাওয়া, আইসিসির সহযোগী দেশগুলোকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের যৌক্তিকতা প্রমাণ করতে পারা। আমাদের আরও প্রমাণ করার আছে যে আমরা চূড়ায়ও পৌঁছাতে পারি। এটা সব সময়ই আমাদের কমবেশি তাড়না করে বেড়ায়। বিশ্বকাপে শুধু কুলীন দলগুলোই খেলবে, এটা ঠিক নয়। যোগ্য দল হিসেবেই আমরা বিশ্বকাপে এসেছি, বিশ্বকাপে তার প্রমাণও রেখেছি। আমি মনে করি, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আমরা সেই প্রমাণ রাখতে পেরেছি। আশা করছি, ভারতের বিপক্ষেও এর পুনরাবৃত্তি ঘটবে।’ ওয়েবসাইট।