আইরিশদের হূদয় ভেঙে পাকিস্তানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনার সব জোগাড়যন্ত্রই করে ফেলেছিল আয়ারল্যান্ড। কাল ডাবলিনে ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করা পাকিস্তানের প্রথম ৭ উইকেট ১৩৩ রানেই তুলে নিয়েছিল দলটি। আরেকবার ক্রিকেটবিশ্বকে চমকে দিতে যাওয়া আইরিশরা এবার চমকাল নিজেরাই। এক কামরান আকমল ও ওয়াহাব রিয়াজ জুটিতেই চুরমার আইরিশ-স্বপ্ন। অষ্টম উইকেটে ৯৩ রান যোগ করে পাকিস্তানকে স্মরণীয় এক জয় এনে দিলেন আকমলরা। ৮ বল হাতে রেখে ২ উইকেটের জয়, পাকিস্তান সিরিজও জিতল (১-০)। ৮৫ বলে ১১ চার ও ২ ছয়ে ৮১ রান করে আকমল আউট হয়ে গেলেও ৪৭ রান করে অপরাজিত ছিলেন রিয়াজ। রিয়াজের ৩৫ বলের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছয়। এর আগে আয়ারল্যান্ড ৯ উইকেট হারিয়ে তুলেছিল ২২৯ রান। মোট রানের অর্ধেকের বেশি করেছেন এক এড জয়েসই। ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ১১৬ রান করে ইতিহাসেই ঢুকেছেন এই আইরিশ। সঙ্গী হয়েছেন আরেক আইরিশ এইউন মরগানের। দুটি দেশের হয়ে ওয়ানডে সেঞ্চুরি করা ব্যাটসম্যান যে এই দুজনই। ২০০৭ সালে আয়ারল্যান্ডের হয়ে কানাডার বিপক্ষে ১১৫ রান করা মরগান দল পাল্টে ইংল্যান্ডের হয়েও করেছেন তিন সেঞ্চুরি। জয়েস প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন ২০০৭ সালে ইংল্যান্ডের হয়ে। এরপর কালই আবার তিন অঙ্কের দেখা পেলেন। ওয়েবসাইট।