আইসিএল ছাড়লেন কপিলও
ঘরের ছেলে ঘরে ফিরল! বলা হচ্ছে কপিল দেবের কথা। এসেল স্পোর্টস প্রাইভেট লিমিটেড ও নিষিদ্ধ ক্রিকেট আইসিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ভারতের সাবেক অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দরজাটাও একই সঙ্গে খুলে গেল তাঁর জন্য।বিসিসিআইর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মি. কপিল আমাদের জানিয়েছেন যে তিনি এসেল স্পোর্টস প্রাইভেট লিমিটেড বা আইসিএল থেকে পদত্যাগ করেছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, বিসিসিআইর প্রতি তাঁর সমর্থন সব সময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। ভারতীয় ক্রিকেটে কপিল দেবের অবদানও স্বীকার করে বিসিসিআই। আগামী বছরগুলোয় তাঁর কাছ থেকে কার্যকর সহযোগিতার আশাও করছি আমরা।’বিসিসিআইর সঙ্গে এক সভার পর কপিলও কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, ‘বিসিসিআই আমাদের মা-বাবার মতো। আমরা তাদের সন্তান। বিসিসিআইর সঙ্গে সম্পৃক্ত থাকা অবস্থায় আগেও আমি ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে কাজ করেছি। ভবিষ্যতেও করব।’২০০৭ সালে আইসিএলের আবির্ভাবের পর থেকেই বিসিসিআইর সঙ্গে কপিলের যে বিরোধ, তারই অবসান হলো কপিলের সিদ্ধান্ত আর বিসিসিআইর এই বিবৃতিতে। ওয়েবসাইট।