আইসিসি ও বিসিবির ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অসততা ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলা করেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী। আগামী বুধবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত। দণ্ডবিধির ৪১৮, ৪২৭ ও ১০৯ ধারায় অভিযোগটি দায়ের করা হয়। মামলায় সাক্ষী রাখা হয়েছে পাঁচজনকে।
আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা কাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। অভিযুক্তরা হলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) চেয়ারম্যান স্যার রোনাল্ড ফ্ল্যানাগান, আকসুর প্রধান যোগিন্দর পাল সিং, আকসু কর্মকর্তা ধরমবীর যাদব, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ট ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি বিপিএলের দ্বিতীয় আসরে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ও চিটাগং কিংসের ম্যাচ শুরুর আগেই অভিযুক্ত কর্মকর্তারা জানতে পারেন ম্যাচটি ফিক্সিং হবে। বিপিএল স্পট ফিক্সিংয়ের রায়েও বিষয়টি উল্লেখ আছে। কিন্তু অভিযুক্তরা ফিক্সিং বা ম্যাচটি থামানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ফিক্সিংয়ের বিষয়টি জানার পরও কোনো উদ্যোগ গ্রহণ না করে তাঁরা দর্শকদের সঙ্গে প্রতারণা ও অসততার আশ্রয় নিয়েছেন। অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি জানিয়েছেন বাদী।
বাদীর আইনজীবী মাহবুবুর রহমান আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ছয় আসামি ম্যাচ আয়োজন করে দর্শকদের আর্থিক ক্ষতি করেছেন। তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন ও অসততার আশ্রয় নিয়েছেন। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি তাঁরা আগে থেকে জানলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কাল রাতে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা মামলার বিষয়টি শুনেছি। এ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পর আইনজীবী ও আইসিসির সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ব্যবস্থা নেব।’