আইসিসি নির্বাচন: হাওয়ার্ডের প্রার্থিতা বাতিল
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির পরবর্তী সহসভাপতি হিসেবে সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের মনোনয়ন বাতিল হয়ে গেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায় বিশ্বের শীর্ষ ১০ ক্রিকেট খেলুড়ে দেশের বেশির ভাগই প্রার্থী হিসেবে হাওয়ার্ডকে সমর্থন না করায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। আইসিসির আইন অনুযায়ী নির্বাচিত সহসভাপতি দুই বছর দায়িত্ব পালন করার পর সভাপতি পদে নির্বাচিত হবেন। খবর রয়টার্সের।ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) নিজেদের প্রার্থী হিসেবে হাওয়ার্ডের নাম প্রস্তাব করে। তবে এরপর ইংল্যান্ড ছাড়া আইসিসির টেস্ট খেলুড়ে আর কোনো দেশ হাওয়ার্ডকে সমর্থন করেনি।বর্তমানে আইসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের ডেভিড মরগান। তাঁর দায়িত্বের মেয়াদকাল শেষ হবে ২০১২ সালে। আইসিসির নীতিমালা অনুযায়ী ২০১২ সালে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড থেকে আইসিসির প্রধান নির্বাচিত হওয়ার কথা। তবে হাওয়ার্ডের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার পরও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামনে নতুন কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকছে।পুরোদস্তুর রাজনীতিবিদ জন হাওয়ার্ড ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে রাজনীতি থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বিশ্ব ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করে বিতর্কিত হন। তিনি জিম্বাবুয়ের শাসক রবার্ট মুগাবের শাসনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে জিম্বাবুয়ে সফর থেকে বিরত রাখেন তিনিই। এ ছাড়া শ্রীলঙ্কার অফ স্পিনার মুরালিধরনের বোলিং অ্যাকশন নিয়েও বিতর্কিত মন্তব্য করে খুব সমালোচিত হয়েছিলেন তিনি।ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির সভায় আইসিসির সহসভাপতি হিসেবে জন হাওয়ার্ডের নাম প্রস্তাব করলে এর তীব্র বিরোধিতা করে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। তবে শ্রীলঙ্কা জন হাওয়ার্ড সম্পর্কে বলে,‘হাওয়ার্ডের ক্রিকেট সংগঠক হিসেবে অভিজ্ঞতা না থাকায় শ্রীলঙ্কা তাঁকে সমর্থন দিতে পারছে না।’