আইসিসি পর্যবেক্ষকদের সামনেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির বিশাল বহরের প্রতিনিধিদল সবে প্রেসিডেন্ট বক্সে উঠে মাঠের দিকে চোখ রেখেছে। কেউ কেউ মাঠের ছবিও তুলছেন হাতের ডিজিটাল ক্যামেরায়। তাঁদের পাশে দাঁড়িয়ে বিসিবি এবং বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির কর্মকর্তারা। ঠিক ওই মুহূর্তে ঝনঝন শব্দে কেঁপে উঠল গোটা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম!চোখে বিস্ময় নিয়ে আইসিসি থেকে আসা ২১ অতিথিসহ মাঠে উপস্থিত সবাই দেখলেন বিকট শব্দে কীভাবে খুলে পড়ে গেল প্রেসবক্স প্রান্তের ট্রাইভিশন সাইট স্ক্রিনের অর্ধেকের বেশি প্রিজম! হয়তো সদ্য স্থাপিত সাইট স্ক্রিনে প্রিজম লাগানোতে কোনো ত্রুটি ছিল, কিংবা লোহার ফ্রেম থেকে প্রিজমগুলোর ওভাবে খসে পড়া নিছকই একটি দুর্ঘটনা। কিন্তু বিশ্বকাপ ভেন্যু পর্যবেক্ষণ করতে আইসিসির প্রতিনিধিদলের মাঠে আসা এবং প্রিজম খুলে পড়ার ‘টাইমিং’টা হলো দুর্ভাগ্যজনক।বিশ্বকাপ প্রস্তুতিতে যত ঘাটতিই থাকুক, সেসব নিয়ে আইসিসির দুশ্চিন্তা দূর করতে নিশ্চয়ই স্থানীয় কর্মকর্তারা অনেক রকম চেষ্টাই করছেন। কিন্তু চোখের সামনে অমন দৃশ্য ঘটে যাওয়ার পর সেসব চেষ্টায় কি একটুও দাগ পড়ল না? বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির কী ছবি নিয়ে গেলেন আইসিসির পরিদর্শক দল!ভেন্যু পর্যবেক্ষণ শেষে আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হাসান অবশ্য আরও অনেক কিছুর মতোই এড়িয়ে গেলেন এই বিষয়টাও, ‘আমি ঠিক দেখিনি কী ঘটেছে। আর এখানে একটা দ্বিপাক্ষিক সিরিজ চলছে। এ ব্যাপারে আইসিসি কোনো মন্তব্য করবে না।’ আইসিসির হয়ে সামিউল স্পষ্ট মন্তব্য করলেন না কোনো বিষয়েই, ‘কাল (পরশু) বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেছি। আজ (গতকাল) এই মাঠ দেখলাম। মাঠটা দেখতে ভালোই লাগছে। এরপর আমরা আমাদের রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেব। এই পর্যায়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই।’ চট্টগ্রামের মাঠ নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।তবে আইসিসির মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, বিশ্বকাপের অন্তত ১৫ দিন আগে স্বাগতিক দেশগুলো বিশ্বকাপের মাঠ বুঝিয়ে দেবে আইসিসিকে। আর বিশ্বকাপের আগে প্রয়োজনে আবারও ভেন্যু পরিদর্শনে আসবেন তাঁরা।