আইসিসি প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন পাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা অপ্রত্যাশিত নয়। দুই বছর সহসভাপতির দায়িত্ব পালন শেষে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ভারতের শারদ পাওয়ার। ইংল্যান্ডের ডেভিড মরগানের স্থলাভিষিক্ত হওয়া পাওয়ার ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।পাওয়ারের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘আইসিসির বার্ষিক সভায় মরগানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট শারদ পাওয়ার।’ আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে মরগানের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন পাওয়ার। পিটিআইকে পাওয়ার বলছেন, ‘আইসিসিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে গেছেন মরগান। এখন আমাদের দায়িত্ব হলো তাঁর দেখানো পথ ধরে এগিয়ে যাওয়া।’ নতুন প্রেসিডেন্টের মুখে উচ্ছ্বসিত প্রশংসা শুনে তাঁকে শুভ কামনা জানাতে ভোলেননি বিদায়ী মরগান। তিনি বলছেন, ‘ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুই বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন পাওয়ার। আমার বিশ্বাস, প্রেসিডেন্ট হিসেবেও একইভাবে সফলতা পাবেন তিনি।’