আইসিসি ভুল করেছে, দাবি মানির
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের নাম নতুন করে অন্তর্ভুক্তির সুযোগ নেই। তবে সংস্থাটির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি এর সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, আজমলকে তালিকায় অন্তর্ভুক্ত করার এখনো যথেষ্ট সময় আছে।পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া মানির দাবি, আজমলের পরিসংখ্যানই প্রমাণ করে, ওর নাম তালিকায় থাকা উচিত ছিল। আইসিসি ভুল করেছে। এখন আইসিসির উচিত হবে নিজেদের ভুল স্বীকার করে নিয়ে পাকিস্তানি এই স্পিনারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা।জি নিউজকে এহসান মানি বলেন, ‘পরিসংখ্যান আজমলের হয়ে কথা বলছে। কোনো সন্দেহ নেই, সংক্ষিপ্ত তালিকায় ওর নাম থাকা উচিত ছিল। নির্বাচনপদ্ধতি সম্পর্কে আমরা অবগত। এটা স্বচ্ছ। কিন্তু আমি মনে করি, আজমলকে না রেখে আইসিসি ভুল করেছে। নির্বাহী পর্যায়ে ভুলটা হয়েছে। আইসিসিকে এটা অবশ্যই স্বীকার করতে হবে। একই সঙ্গে এই স্পিনারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’মানি বলেন, ‘তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির এখনো সুযোগ রয়েছে। এর জন্য দরকার সাহসী নেতৃত্ব। আমি এখন আইসিসির প্রধান থাকলে আজমলের নাম অন্তর্ভুক্তির নির্দেশ দিতাম।’যে ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তালিকা করা হয়েছে, ওই সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ ১২০টি উইকেট শিকার করেছেন আজমল। টেস্টেও তাঁর শিকার সর্বোচ্চ ৭২টি উইকেট। অথচ বর্ষসেরা ক্রিকেটার বা বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কোনো তালিকায়ই মনোনয়ন পাননি আজমল। এ ঘটনায় আইসিসির কাছে প্রতিবাদ জানিয়েছে পিসিবি। একই সঙ্গে ৩৪ বছর বয়সী এই স্পিনারের নাম নতুন করে অন্তর্ভুক্তির অনুরোধও জানানো হয়েছে। তবে আইসিসি জানিয়েছে, এই তালিকায় পরিবর্তন আনার এখতিয়ার আইসিসির নেই। বিচারকমণ্ডলী স্বাধীনভাবে তালিকাটা তৈরি করেছেন। এটাই চূড়ান্ত।এদিকে গণমাধ্যমের খবর, আজমলের নাম শেষ পর্যন্ত তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করতে পারে পিসিবি। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ অবশ্য জানিয়েছেন, অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তটা এখনো তাঁরা নেননি। পরিস্থিতিই বলে দেবে, শেষ পর্যন্ত কী ঘটবে।এহসান মানি মনে করেন, আইসিসি শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিক, প্রতিবাদে অনুষ্ঠান বর্জনের মতো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না পিসিবির। আইসিসির সাবেক এই প্রধান বলেন, ‘এটা শিশুসুলভ কাজ হবে। পিসিবি আজমলকে সমর্থন করছে, এটা ভালো। এটা তাদের অধিকারও। কিন্তু অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এর চেয়ে বরং প্রতিবাদ হিসেবে অন্য কোনো পদক্ষেপ নিতে পারে পিসিবি। ব্যাপারটা আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে তোলা যেতে পারে। এমনকি এ বছরের নির্বাচন পদ্ধতির ওপর তদন্তের দাবিও করতে পারে পিসিবি।’