আইসিসি সভাপতির মনোনয়ন পেলেন হাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবে সুখ্যাতি ছিল তাঁর। সময়-সুযোগ পেলে মাঠে গিয়ে হাজির হতেন খেলা দেখতে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড আইসিসির প্রধান হিসেবে মনোনয়ন পেয়েছেন। দায়িত্ব নিতে অবশ্য ২০১২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাঁকে। আগামী জুনে বর্তমান সভাপতি ডেভিড মরগানের স্থলাভিষিক্ত হবেন ভারতের শারদ পাওয়ার। একই সময় হাওয়ার্ড দায়িত্ব নেবেন সহসভাপতি হিসেবে।আইসিসির নিয়ম অনুযায়ী সভাপতির পদটি আঞ্চলিক ভিত্তিতে আবর্তিত হয়। পাওয়ার যেমন দু বছর আগেই নির্বাচিত হয়ে ছিলেন। পাওয়ারের পর পদটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কারোরই পাওয়ার কথা। এ নিয়ে কিছুদিন ধরে এই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দরকষাকষি চলেছে। ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞতা না থাকার পরও কূটনৈতিক দক্ষতার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) হাওয়ার্ডকে আইসিসি প্রধান করতে চেয়েছিল। আর ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি) চেয়েছিল তাদের সাবেক বোর্ডপ্রধান স্যার জন অ্যান্ডারসন আইসিসির সভাপতি হন।অবশেষে দুই বোর্ড ঐকমত্যে পৌঁছেছে। কাল সিএ চেয়ারম্যান জ্যাক ক্লার্ক আর এনজেডসির চেয়ারম্যান অ্যালান আইজাক যুক্ত বিবৃতিতে ভাবি আইসিসি-প্রধান হিসেবে হাওয়ার্ডের নাম ঘোষণা করেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। হাওয়ার্ড এই আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মনোনয়ন পেয়েই ধন্য হয়েছেন বলে জানিয়েছেন। জানিয়েছেন, ক্রিকেটের প্রতি তাঁর গভীর অনুরাগের কথাও, ‘ক্রিকেট আমার আজন্ম ভালো লাগার একটি বিষয়। আইসিসি আমার মনোনয়ন গ্রহণ করলে ক্রিকেটের জন্য কিছু করতে পারব। সেটি হবে আমার জন্য অনেক বড় পাওয়া।’ ওয়েবসাইট।