আইসিসি হল অব ফেমে ম্যাকগ্রা
‘আইসিসি ক্রিকেট হল অব ফেম’-এ জায়গা করে নিতে যাচ্ছেন গ্লেন ম্যাকগ্রা। ২০১২-১৩ মৌসুমে এনিড বেকওয়েল ও ব্রায়ান লারার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই হল অব ফেমে নাম লেখাবেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট চলার সময়ই হল অব ফেমে গ্লেন ম্যাকগ্রার অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আইসিসি। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে এই তৃতীয় টেস্ট। এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘৬৮তম পুরুষ সদস্য হিসেবে হল অব ফেমে জায়গা করে নিচ্ছেন ম্যাকগ্রা। ২০১২-১৩ মৌসুমে ব্রায়ান লারা ও ইংল্যান্ডের এনিড বেকওয়েলের পর তাঁকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।’ এ বছরের সেপ্টেম্বরে আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হল অব ফেমে বরণ করে নেওয়া হয়েছিল ব্রায়ান লারা ও এনিড বেকওয়েলকে। ম্যাকগ্রা এই সম্মাননা পাবেন নিজের শহর সিডনির ক্রিকেট গ্রাউন্ডে। ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, ১৪ বছরের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারে ৫৬৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে আছেন গ্লেন ম্যাকগ্রা। তবে একদিক দিয়ে তাঁর অবস্থান সবার ওপর। পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্বটা এই ডানহাতি বোলারের দখলে। এ ছাড়া ২৫০টি একদিনের ম্যাচ খেলে ৩৮১টি উইকেট শিকার করেছেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার টানা তিনটি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন সর্বকালের অন্যতম সেরা এই পেস বোলার। পিটিআই।