ওয়ানডে ম্যাচে একটি দলের ব্যাটিং ইনিংসকে দুই ভাগে ভাগ করে আইসিসির কাছে নতুন ফরম্যাট চালুর প্রস্তাব করেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। কিন্তু আইসিসি সেই প্রস্তাব বিনয়ের সঙ্গেই প্রত্যাখ্যান করে বলেছে, এই মুহূর্তে ওয়ানডের ৫০ ওভার ফরম্যাটে কোনো পরিবর্তন আনার পক্ষে নয় তারা।তবে ভারতের আরেক তারকা রাহুল দ্রাবিড় মনে করেন, শচীনের এই প্রস্তাবটি নাকচ করে দেওয়ার আগে আইসিসির উচিত ছিল এ ব্যাপারে একটি ব্যাখ্যা দেওয়া।দ্রাবিড় আরও বলেন, ওয়ানডের ইনিংসকে দুই ভাগে বিভক্ত করার চিন্তা-ভাবনাটা একেবারেই নতুন নয়। অস্ট্রেলিয়াতে এটি এ বছরই চালু হয়েছে, এবং মানুষ গ্রহণও করেছে।সম্প্রতি, ইউডিআরএস নিয়ে ক্রিকেট বিশ্ব একপ্রকার বিভক্তই হয়ে পড়েছে। এ ব্যাপারে বিস্তারিত মন্তব্য না করলেও দু-এক কথায় যা তিনি বলেছেন, তার সারাংশ হলো, প্রযুক্তি সব সময়ই আম্পায়ারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তবে এই মুহূর্তে প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন, ব্যাপারটি নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। ধীরে ধীরে এর উন্নয়ন হবে। পুরোটাই একটি চলমান প্রক্রিয়া।ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত্ সম্পর্কে রাহুল দ্রাবিড় বলেন, ধারাবাহিকতা রক্ষা একটি দল গড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নির্বাচকদের উচিত, তরুণ একজন ক্রিকেটারকে যথেষ্ট সময় দেওয়া। তিনি নিজের অতীতের কথা তুলে ধরে বলেন, ‘আমরাও যখন তরুণ ছিলাম, তখন খারাপ করলেই ভবিষ্যতের কথা মনে করে উত্কণ্ঠিত হতাম। কিন্তু দেখুন, সময় নেওয়ার কারণেই কিন্তু আমরা পারফর্মার হতে পেরেছি।’ টাইমস অব ইন্ডিয়া।