আইসিসিকে ভারতের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিকল্প দাঁড় করানোর হুমকি দিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল এ হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের প্রস্তাব অনুযায়ী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির পুনর্বিন্যাস মেনে না নিলে ভারত আইসিসিকে দেওয়া অর্থের সিংহভাগ দেবে না এবং আইসিসি থেকে মুখ ফিরিয়ে নেবে।’
সঞ্জয় প্যাটেলকে উদ্ধৃত করে ক্রিকইনফোর এক খবরে বলা হয়েছে, ‘আমরা গণমাধ্যমে অনেকের কাছ থেকে সমালোচনার স্বীকার হয়েছি এবং তাদের অনেকেই আমাদের সঙ্গে একমত হয়নি। কিন্তু আমরা তাদের বলতে চাই, ভারত তাদের যথাযথ মর্যাদা ও গুরুত্ব না পেলে নিজেরা দ্বিতীয় আইসিসি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।’
হায়দরাবাদে ক্রীড়া সাংবাদিক ফেডারেশনের বার্ষিক কনভেশনে বিসিসিআই সেক্রেটারি আরও বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সম্মত হয়েছে। এ অনুযায়ী আগামী ২৭ জুন থেকে নতুন কাঠামো বাস্তবায়ন শুরু হওয়ার কথা। আমি চাই নতুন প্রস্তাবে আইসিসির ১০ পূর্ণ সদস্য দেশের সবকটি স্বাক্ষর করুক।’
সঞ্জয় প্যাটেল বলেন, এ মাসের শেষের দিকে বিসিসিআইয়ের সাবেক সভাপতি শ্রীনিবাসনের আইসিসি সভাপতির দায়িত্ব নিতে কোনো বাধা নেই। কারণ ভারতের সুপ্রিম কোর্ট তাঁকে দায়িত্ব নিতে মানা করেনি। তিনি বলেন, এ মাসের শেষের দিকে ভারত আইসিসিতে নেতৃস্থানীয় ভূমিকা নেবে। শ্রীনিবাসন যাচ্ছেন (আইসিসির সভাপতির দায়িত্ব নিতে)। তাঁর ওপর সুপ্রিম কোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা দুজনই মেলবোর্ন যাচ্ছি। গত চার মাসে আমরা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে বিষয়টি (পুনর্বিন্যাস) আলোচনা করেছি এবং তাঁদের আইসিসির নতুন অর্থনৈতিক মডেলের বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, যা আসন্ন বছরগুলো থেকে বাস্তবায়িত হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তা আরও বলেন, ভারত আইসিসিতে মুখ্য ভূমিকা নেবে। কারণটা স্পষ্ট, ভারত কম-বেশি ৬৮ থেকে ৭২ শতাংশ রাজস্ব দেয় আইসিসিকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এর থেকে তিন থেকে চার শতাংশ লভ্যাংশ পাচ্ছি।’