আইসিসিকেই জানাবেন তিলকারত্নে
‘প্রমাণ চাই, নাম চাই’—হাশান তিলকারত্নের দিকে এখন সবার এই একই তীর। ক্রীড়ামন্ত্রী মাহিন্দা আলুথগামাগে বলেছেন, বলেছেন দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাও। কাল একই দাবি করলেন মুত্তিয়া মুরালিধরনও। তবে সাঙ্গাকারার একটি কথা মনে ধরেছে তিলকারত্নের। শ্রীলঙ্কার সদ্য সাবেক অধিনায়ক বলেছিলেন, ‘তিলকারত্নের উচিত প্রমাণসহ আইসিসিকে জানানো।’ তিলকারত্নেও এটাই করতে যাচ্ছেন। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগকে সবকিছু বিস্তারিত জানাবেন সাবেক লঙ্কান অধিনায়ক।গত পরশু ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কার পুলিশপ্রধানকে তিলকারত্নের অভিযোগের তদন্তের নির্দেশ দেন। তবে অভিযোগটি যে খুব একটা বিশ্বাস করছেন না, এর প্রমাণ মিলছে তাঁর আনুষ্ঠানিক বিবৃতিতেই, ‘তথাকথিত চাঞ্চল্যকর তথ্যগুলো ঘটনার এত দিন পর হঠাৎ সামনে আসাটা আমাদের কাছে অদ্ভুত লাগছে। এটা জানা উচিত যে, এসব প্রকাশ করার একটা পদ্ধতি আছে। কোনো খেলোয়াড় বা কর্মকর্তার কোনো কিছু সন্দেহ হলে নিজ দেশের বোর্ড ও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে জানাতে হবে, তারা ব্যাপারটার তদন্ত করবে। শ্রীলঙ্কাকে নিয়ে অভিযোগ যাঁরা করছেন, বোর্ড ও দেশের স্বার্থেই তাঁদের উচিত উপযুক্ত প্রমাণ ও সর্বোচ্চ দায়িত্ব নিয়ে অভিযোগ করা।’ শুধু তিলকারত্নের প্রতি নয়, প্রমাণ দেওয়ার আহ্বান ছিল আরেক সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার প্রতিও। নানা সময়ে রানাতুঙ্গার কথাতেও নাকি ছিল একই ইঙ্গিত।তিলকারত্নে জবাব দিয়েছেন পরশুই, ‘ম্যাচ পাতানোর অভিযোগ থেকে আমি মোটেও সরে আসছি না, তবে নিরাপত্তার কারণেই আমি নাম প্রকাশ করতে পারছি না। অভিযোগ তোলার পর থেকেই আমি প্রচুর আজেবাজে ফোনকল, মৃত্যুর হুমকি পর্যন্ত পাচ্ছি। তবে জড়িতদের সবার নাম আমি নিশ্চিতভাবেই ফাঁস করব। নামগুলো আমি আইসিসিকে জানাব।’ ওয়েবসাইট।