আইসিসিতে ভারতীয় আধিপত্যের অবসান চান গ্রেগ
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিতে ভারতীয় আধিপত্যের অবসান ঘটানো উচিত বলে দাবি করেছেন টনি গ্রেগ। কখনো আইসিসির নীতিনির্ধারকদের একজন হতে পারলে তিনি প্রথমে এই কাজটিই করতেন বলে মন্তব্য করেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।গতকাল এক সাক্ষাত্কারে গ্রেগ বলেছেন, ‘প্রথমত, আমাদের আইসিসিকে একটা কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করতে হবে। এখানের পরিস্থিতি হচ্ছে, এটা অনেকখানিই ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত। তারা জিম্বাবুয়ে, বাংলাদেশ বা এ রকম আরও দু-একটা দেশকে বলে দেয়, তাদের কী করতে হবে এবং তাদের ভোটগুলো সব সময়ই পায়। এটা খুব কঠিন পরিস্থিতি। কিন্তু আমাদের এই ধারাটা পরিবর্তন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’দুই মাস আন্তর্জাতিক ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়ে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দেওয়ার বিষয়টিও ঠিক মেনে নিতে পারছেন না দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত টনি গ্রেগ। তিনি বলেছেন, ‘আমরা অনেক ক্রিকেট খেলছি। কিন্তু আমি সব ক্রিকেট খেলুড়ে দেশকে প্রশ্ন করতে চাই, ভারতের ঘরোয়া ক্রিকেটকে এত সুযোগ-সুবিধা দেওয়ার মানেটা কী? যে দুই মাস ক্রিকেটাররা আইপিএল নিয়ে ব্যস্ত থাকে, সে সময় তারা তো বেশ কটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারত। ওয়েস্ট ইন্ডিজে যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলছে, তখন ক্রিস গেইল, কাইরন পোলার্ডের মতো ক্রিকেটাররা আইপিএলে খেলছে। এটা খুবই হাস্যকর।’—ওয়েবসাইট