আইসিসির অবস্থানেও হতাশ পাকিস্তান
পাকিস্তানের শেষ আশাও শেষ হয়ে গেল। আদালতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের পাকিস্তান সফর বাতিলে হতাশ পিসিবি দ্বারস্থ হয়েছিল আইসিসির। কিন্তু প্রাপ্তি শুধু সহানুভূতি। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাদের কিছুই করার নেই।এ সপ্তাহের শুরুতে দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত ও অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন পিসিবির প্রধান জাকা আশরাফ ও প্রধান নির্বাহী সুবহান আহমেদ। বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘ ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনো দেশ সফর বাতিল করেছে আদালতের আদেশে। আইসিসিকে জানানো হয়েছে, পিসিবির আইনজীবী ঢাকা হাইকোর্টের আদেশের কপি বিশ্লেষণ করে দেখেছেন। যে যুক্তিগুলোর ওপর ভিত্তি করে আদালত আদেশ নিষেধাজ্ঞা দিয়েছেন, সেগুলোর যথেষ্ট সারবত্তা ছিল না।’পিসিবির প্রচেষ্টার প্রশংসা করেছেন লরগাত। শেষ মুহূর্তে বাংলাদেশ সিরিজটা না হওয়ায় সহানুভূতিও জানিয়েছেন। তবে জানিয়ে দিয়েছেন নিজেদের সীমাবদ্ধতাও। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আইসিসির কিছুই করার নেই। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে একটা উপায়ও বাতলে দিয়েছেন। প্রস্তাবিত পাকিস্তান ক্রিকেট লিগ (পিপিএল) যদি সফলভাবে আয়োজন করা যায়, সে ক্ষেত্রে হয়তো আন্তর্জাতিক দলগুলোও পাকিস্তানে যেতে আগ্রহী হবে। তবে অন্য দেশের ক্রিকেটাররা পিপিএলে খেলতে যেতে রাজি হবেন কি না, এটা নিয়েও আবার সংশয়ে আছে পিসিবি। ক্রিকেটারদের রাজি করাতে তাই আইসিসিকে আগাম অনুরোধ জানিয়ে রেখেছেন পিসিবির কর্তারা। ওয়েবসাইট।