আইসিসির গুরুত্বপূর্ণ সভা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে আইসিসির প্রধান নির্বাহীদের মহাগুরুত্বপূর্ণ এক সভা শুরু হচ্ছে আগামীকাল। পাঁচ দিনের এই সভায় সিদ্ধান্ত হবে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত কয়েকটি বিষয়ের। সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হলো—আইসিসি প্রধান নির্বাচনের প্রক্রিয়া বদলানো, ডিসিশন রিভিউ সিস্টেম বাধ্যতামূলক করা হবে কি না আর ২০১৫ বিশ্বকাপের ফরম্যাট।প্রেসিডেন্ট নির্বাচনের বর্তমান পর্যায়ক্রমিক পদ্ধতি বদলানোর পরিকল্পনা আইসিসি প্রথম জানায় এ মাসেরই শুরুতে। বিভিন্ন দেশের ক্রিকেট প্রশাসনে সরকারের হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরা হয় যুক্তি হিসেবে। বর্তমান নিয়ম বদলাতে হলে আইসিসির সংবিধানে সংশোধনী আনতে হবে। পাকিস্তান অবশ্য শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে। বর্তমান প্রধান শারদ পাওয়ারের কাছ থেকে আগামী মেয়াদে দায়িত্ব নেবেন নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাক। এরপর ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার কথা পাকিস্তানের কারও। পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ জানিয়েছেন, সভায় নিজেদের পক্ষে অনড় অবস্থান নেবেন তাঁরা। শোনা যাচ্ছে, ভারত ও ইংল্যান্ড বর্তমান নিয়ম বদলাতে বেশি আগ্রহী।গত মে মাসে আইসিসির ক্রিকেট কমিটির সভার মূল সুপারিশ ছিল ডিআরএস বাধ্যতামূলক করা। তবে এই সুপারিশ বাস্তবায়ন খুব একটা সহজ হবে না। বরাবরের মতোই ডিআরএসের বিরোধিতা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বাস্তবতা বলছে, বিসিসিআইয়ের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। ২০১৫ বিশ্বকাপ ১০ দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েই গিয়েছিল। কিন্তু এ নিয়ে ক্রিকেট-বিশ্বে তীব্র প্রতিক্রিয়া হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছে আইসিসি। এসব ছাড়াও দিবারাত্রি টেস্ট, ওয়ানডেতে দুই প্রান্তে দুই বলে খেলা, পাওয়ার প্লের ফরম্যাট পাল্টানো, স্লো ওভাররেটের শাস্তি বাড়ানোসহ ক্রিকেট কমিটির আরও কিছু সুপারিশ নিয়ে আলোচনা হবে।এদিকে সরকারের হস্তক্ষেপের কারণে যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াই পাল্টানোর কথা হচ্ছে, তখন সরকারের হস্তক্ষেপেই বড় ধরনের রদবদল আসছে শ্রীলঙ্কা ক্রিকেটে। গত বিশ্বকাপে বড় ধরনের আর্থিক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে স্বয়ং ক্রীড়ামন্ত্রী এই রদবদল করছেন। শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের পরই নতুন ব্যবস্থাপনা কমিটির নাম ঘোষণা করবেন মন্ত্রী। এএফপি, রয়টার্স।