আইসিসির তদন্তে ক্ষুব্ধ পিসিবি
ওভালে শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান ইনিংসের গতিপথ নির্ধারিত ছিল আগেই—ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এ-সংক্রান্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে এ ম্যাচটি নিয়ে তদন্তে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিদমন বিভাগ। তবে কেবল পত্রিকাটির রিপোর্টের ভিত্তিতে তদন্তে নামায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।গতকাল শনিবার পিসিবির এক তথ্য-বিবরণীতে বলা হয়, ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে নিয়ে আইসিসি তদন্তে নামায় পিসিবি বিরক্ত। আইসিসির উচিত সদস্য দেশগুলোর প্রতি আস্থা রাখা। কেবল পত্রিকার রিপোর্টের ভিত্তিতে নয়, আইসিসির উচিত ছিল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে আলোচনা করা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য যা-ই হোক, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নিয়েই তদন্তে নেমেছে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী হারুন লরগাতের কথা থেকেই তা স্পষ্ট, ‘একটি সূত্র দ্য সানকে জানিয়েছিল, ম্যাচের নির্দিষ্ট কিছু পর্যায়ে রান করার ধরন হবে নির্দিষ্ট। খোলামেলাভাবে বলতে গেলে, সত্যি সত্যি তা-ই হয়েছে। ব্যাপারটি নিয়ে তদন্ত করা তাই আমাদের অবশ্য কর্তব্য।’দ্য সান আইসিসিকে যা যা বলেছিল, পাকিস্তানের ইনিংসটাও ঠিক সেভাবেই এগিয়েছে। পাকিস্তানের ইনিংস চলার সময় পত্রিকাটির দাবির সপক্ষে প্রমাণ পাওয়ার পর ইনিংস শেষ হওয়ার আগেই তদন্ত শুরু করে দেয় আইসিসি। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইসিসি বা দ্য সান। তবে সব তথ্যপ্রমাণ আইসিসিরি কাছে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। —রয়টার্স