আইসিসির তদন্তে নয়জনের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান ও আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।ছবি: শামসুল হক
আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান ও আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।ছবি: শামসুল হক

যতটা ভাবা হয়েছিল, ঠিক ততটা তথ্য উঠে আসেনি। জানা যায়নি কারও নামই। তবে আজ ঢাকার একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার জগতের অনেক তথ্যই উঠে এল। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন নিশ্চিত করেছেন, তাঁদের তদন্তে উঠে এসেছে নয়জন ব্যক্তির নাম। এই নয়জন গত বিপিএলে যুক্ত ছিলেন ম্যাচ পাতানোর সঙ্গে। এই নয়জনকে এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে গঠন করা অভিযোগের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। নয়জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে ফিক্সিং অথবা স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আনা হয়েছে আচরণবিধি ভঙ্গের অভিযোগ।

কয়েক দিনের মধ্যেই বিসিবি একটি ট্রাইব্যুনাল গঠন করবে। তিন সদস্যের এই ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিদের শুনানির জন্য ডাকবে। তখন জানা যাবে তাঁদের নাম। বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার কারণেই এখন অভিযুক্তদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাঁদের ভবিষ্যত্ কী হবে, শাস্তি কী হবে—সেই সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। অবশ্য আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সরাসরি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের কমপক্ষে পাঁচ বছর থেকে সর্বোচ্চ আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। প্রত্যক্ষভাবে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গ করেছেন, এমন ব্যক্তিরা এক থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হবেন।

অভিযুক্ত নয়জনের মধ্যে বিদেশি কেউ আছেন কি না, কিংবা খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তাও কেউ আছেন কি না, এ ব্যাপারেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ধারণা পাওয়া গেছে, নয়জনের বেশির ভাগই বাংলাদেশি ক্রিকেটার। কয়েকজন কর্মকর্তাও জড়িত থাকতে পারেন। তবে এটি জানিয়ে দেওয়া হয়েছে, আইসিসির তদন্তে ঢাকা গ্ল্যাডিয়েটরসের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। 

আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট—আকসুর কাছে দেওয়া মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তিতে বিপিএল ছাড়াও অতীতের বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচের কথাও উঠে এসেছিল। তবে আইসিসির বর্তমান তদন্তটি শুধু গত বিপিএলকে কেন্দ্র করেই করা হয়েছে। অতীতের বিষয়টি এতে উঠে আসেনি।

সংবাদ সম্মেলনে রিচার্ডসনের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। অভিযুক্ত ব্যক্তিদের সামান্য ছাড় দেওয়া হবে না বলে আরও একবার কঠোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আরো খবর