আইসিসির নতুন প্রধান অ্যালান আইজাক
আইসিসির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যালান আইজাক। নিউজিল্যান্ড ক্রিকেটের সাবেক সভাপতি আইজাক আগামী দু’বছর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ভারতের শারদ পাওয়ারের স্থলাভিষিক্ত হলেন।এদিকে, আইসিসির প্রধান নির্বাহী হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট রক্ষক ডেভিড রিচার্ডসনকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হারুন লরগাতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ২০১৪ সালে আইসিসির প্রধানের পদটি আলংকারিক হয়ে যাচ্ছে। এ লক্ষ্যে গঠনতন্ত্রও সংশোধন করা হয়ে গেছে। সে হিসাবে বর্তমান পদ্ধতির অধীনে তিনি সর্বশেষ প্রধান হিসেবে কাজ করবেন। গত দুই বছর ধরে আইজাক সংস্থাটির সহ-সভাপতি হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিক গঠনতন্ত্র সংশোধনে এই সহ-সভাপতির পদটি অবলুপ্ত করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।একসময় ক্রিকেটও খেলেছেন অ্যালান আইজাক। সর্বোচ্চ পর্যায়ে না খেললেও ওয়েলিংটনের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন। গত ১৮ বছর ধরেই তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট। ব্যক্তিগত জীবনে একজন হিসাব নিরীক্ষক আইজাক নিউজিল্যান্ডের রাগবি ও গলফের সঙ্গেও যুক্ত।দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন, ক্রিকেটের উন্নয়ন ও একে সঠিক পথে পরিচালনার জন্য তিনি কঠোর পরিশ্রম করবেন। তিনি আরও বলেন, আমাদের সামনে এখন প্রচুর কাজ। সদ্য বিদায়ী সভাপতি শারদ পাওয়ারের অসমাপ্ত কাজ শেষ করাও তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি জানান।