আইসিসির প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়াবে শ্রীলঙ্কাও?

আইসিসির প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) দক্ষিণ আফ্রিকার মতোই অবস্থান নিতে যাচ্ছে। একই পথে হাঁটার চিন্তাভাবনা করছে শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি)।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুদগামাগে পিটিআইকে বলেছেন, ‘এটি (প্রস্তাব) শ্রীলঙ্কা ক্রিকেট বিন্যাসের জন্য মারাত্মক হুমকি।’ তবে বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেননি তিনি। পিটিআইকে জানিয়েছেন, ২৩ জানুয়ারি এসএলসির নির্বাহী কমিটির সভা হবে। সেখানে নিজেদের অবস্থানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর তা আইসিসির বৈঠকে তোলা হবে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ তিনটি দেশের হাতে তুলে দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আসছে ২৮ ও ২৯ জানুয়ারি আইসিসির ত্রৈমাসিক সভায় বিতর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। পিটিআই ও ওয়েবসাইট।