আইসিসির বিশ্বকাপ-সেরা দল
চ্যাম্পিয়ন হতে না পারলেও আইসিসির বিশ্বকাপ দলে শ্রীলঙ্কানদের জয়জয়কার। অধিনায়কসহ সেরা একাদশের চারজনই শ্রীলঙ্কার। চ্যাম্পিয়ন ভারতের আছেন তিনজন। আইসিসির বিশেষজ্ঞ প্যানেল ঘোষিত দলটি বিশ্বকাপের পারফরম্যান্সকে ভিত্তি ধরে গঠিত। সেই অনুযায়ী বিশ্বকাপের পরিসংখ্যান এসেছে সামনে, তবে এটাই সব নয়।ভারত ও শ্রীলঙ্কার বাইরে দক্ষিণ আফ্রিকার দুজন এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় আছেন সেরা একাদশে। নিউজিল্যান্ডের টিম সাউদি এই দলের দ্বাদশ খেলোয়াড়। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে কুমার সাঙ্গাকারাকে।শ্রীলঙ্কার অন্যরা হলেন বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক তিলকরত্নে দিলশান, ফাইনালের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে ও এই ফাইনালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরন। ভারতের শচীন টেন্ডুলকারের সঙ্গে এই দলে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যুবরাজ সিং ও শহীদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি পেসার জহির খান। পাকিস্তানি অধিনায়কও আছেন এই দলে।দলের অন্য খেলোয়াড়েরা হলেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স, ফাস্ট বোলার ডেল স্টেইন ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন।দল গঠন করতে হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের। অন্য যাঁরা বিবেচনায় ছিলেন তাঁরা হলেন নিউজিল্যান্ডের রস টেলর ও জ্যাকব ওরাম, ইংল্যান্ডের জোনাথন ট্রট ও গ্রায়েম সোয়ান, ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ও কাইরন পোলার্ড, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও লাসিথ মালিঙ্গা, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও হল্যান্ডের রায়ান টেন ডেসকাট।আইসিসির বিশ্বকাপ দলশচীন টেন্ডুলকার (ভারত), তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা, উইকেটরক্ষক ও অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), যুবরাজ সিং (ভারত), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শহীদ আফ্রিদি (পাকিস্তান), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জহির খান (ভারত), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা), দ্বাদশ খেলোয়াড়: টিম সাউদি (নিউজিল্যান্ড)।