আইসিসির ভাবনায় চিন্তিত কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরবর্তী আসরে ১৪ দলের পরিবর্তে ১০ টা টেস্ট খেলুড়ে দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা সত্যিই এ ধরণের সিদ্ধান্ত নিয়ে ফেললে কপাল পুড়বে কানাডা, আয়ারল্যান্ড, কেনিয়ার মতো ক্রিকেটের ছোট দলগুলোর। ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে খেলার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে তারা। আইসিসির অন্যান্য সহযোগী সদস্য দেশের মতোই ব্যাপারটি ভাবিয়ে তুলেছে কানাডাকে।কানাডার কোড পুবুদু দেসানায়েকে বলেছেন, ‘আমরা আইসিসির এই সিদ্ধান্তে চিন্তিত। গত দুই-তিনবছরে কানাডীয় ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। কিন্তু, এই মুহূর্তে আমরা বুঝতে পারছিনা, আমাদের ভবিষ্যত্ পরিকল্পনাটা কি হবে?’বিশ্বকাপের আসরে অনেক সময়ই বড় বড় ‘অঘটন’ ঘটিয়ে উত্তেজনা ছড়িয়েছে এই ছোট দলগুলো। ৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে সবাইকে অবাক করে দিয়েছিল কেনিয়া। ৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের বিদায়টাও ছিল একটা বহুল আলোচিত ঘটনা। এইসব উদাহরণ টেনে অনেকেই আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। শ্রীলঙ্কান সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও আইসিসির এই সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। ব্যাপারটার ফলাফল শেষপর্যন্ত কেমন হবে, তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না তিনি। বলেছেন, ‘আমার মতে সহযোগী সদস্যদের নিয়েই বিশ্বকাপ আয়োজন করা উচিত্। শ্রীলঙ্কাও প্রথম দুইটি বিশ্বকাপে অংশ নিয়েছিল সহযোগী সদস্য হিসেবেই। ছোট দলগুলোকে এই সুযোগটা দেওয়া উচিত্। আর তা না হলে তাদেরকে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আরো অনেক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া দরকার। তাদের ক্রিকেটের উন্নতির জন্যই এটা দরকার।’তবে এই ছোট দলগুলো মাঝেমাঝে রীতিমতো বিরক্তি উত্পাদন করে, এমন ম্যাচের উদাহরণও আছে প্রচুর। গতকালই কেনিয়ার ১০ উইকেটের হার, কানাডার ২১০ রানের হারগুলোও আইসিসির এই সিদ্ধান্তের পেছনে সমর্থন জোগাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটিতে টিকে থাকতে হলে আবারও অনেকগুলো অঘটনই ঘটাতে হবে এই ‘চুনোপুঁটিদের’। রয়টার্স