আইসিসির সভা ও কামালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে আইসিসির সভাপতি হবেন বাংলাদেশের কেউ?বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল খুব আশাবাদী। হংকংয়ে গত ২৮-৩০ জুন আইসিসির সভা শেষে দেশে ফেরার পর কাল এটা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ পেল কামালের এই আশাবাদ। আশাবাদের বদলে ‘স্বপ্ন’ও বলতে পারেন।স্বপ্ন আর বাস্তবতার মধ্যে দুস্তর পথ এবং সেই পথে ছড়ানো অনেক ‘যদি’ ও ‘কিন্তু’। বিসিবি সভাপতির তা অজানা থাকার কোনো কারণ নেই। ‘দেশের স্বার্থের কথা বিবেচনা করে’ সংবাদমাধ্যমের সহযোগিতাও চাইলেন তাই।এমনিতে আইসিসির বেশির ভাগ সভা নীরবেই হয়ে যায়। হংকংয়ের সভাটি ছিল ব্যতিক্রম। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আলোচ্যসূচিতে। যার মধ্যে সবচেয়ে আলোচিত, আইসিসির সভাপতি নির্বাচন-প্রক্রিয়া। পর্যায়ক্রমিকভাবে টেস্ট খেলুড়ে দেশগুলো থেকে সভাপতি মনোনয়নের প্রক্রিয়া বাতিল করে সভাপতি পদে সরাসরি নির্বাচনের যে প্রস্তাব উঠেছিল, সেটি শেষ পর্যন্ত নির্বাহী বোর্ড থেকে সাধারণ সভার ভোটে যায়নি। এ নিয়ে আরও আলাপ-আলোচনার জন্য অক্টোবর পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রথম আলো যে ধারণা পেয়েছে, তা হলো ভোটে প্রস্তাবটি পাস হবে না বুঝতে পেরে এটির মূল উদ্যোক্তা ভারত ও ইংল্যান্ড এই বাড়তি সময়টা নিয়েছে। মাঝের সময়টা নিজেদের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে এই প্রস্তাবের বিরোধীদের ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হবে। কিন্তু বিসিবি সভাপতি দাবি করলেন, পর্যায়ক্রমিক পদ্ধতি যে থাকছেই, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, ‘রোটেশন সিস্টেম বহাল থাকবে। এটা বাতিল হবে না। রোটেশন সিস্টেম বহাল রেখেই একে আরও কার্যকর করার চেষ্টা করা হবে। যেমন জন হাওয়ার্ডের মতো পরিস্থিতি হলে কী করা হবে, এসব লুপহোলস ঠিক করা হবে।’ এ জন্য হংকংয়ের সভায় নিজের জোরালো ভূমিকার কথাও বারবার জানালেন বিসিবি সভাপতি। অথচ ঘটনা হলো, গত মে মাসে এই পদ্ধতি বাতিল করে সরাসরি নির্বাচনে যাওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছিল বিসিবি। তবে সেটি হয়েছিল আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে ‘সার্কুলার রেজ্যুলেশন’ (লিখিত বিবৃতি)-এর মাধ্যমে। বিসিবির সভাপতি সেটি স্বীকার করে বললেন, পরিস্থিতির কারণেই বাধ্য হয়ে সেটি করা হয়েছিল। তবে শর্ত দেওয়া হয়েছিল, পর্যায়ক্রমিক সভাপতি নির্বাচনের অন্তত একটি চক্র শেষ হওয়ার পর যেন তা করা হয়। পাকিস্তান তখনই এটির বিপক্ষে অবস্থান নিয়েছিল। ভারত-পাকিস্তান কাউকেই না চটাতে শ্রীলঙ্কা ‘হ্যাঁ-না’ কোনোটাই বলেনি।নতুন প্রস্তাবটি পাস হতে কমপক্ষে আইসিসির আটজন পূর্ণ সদস্যের ভোট লাগত। কিন্তু হংকংয়ে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকাও এটির বিরোধিতা করায় (শ্রীলঙ্কা ছিল আগের অবস্থানেই) বাধ্য হয়েই অক্টোবর পর্যন্ত এই কালক্ষেপণের সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার ভারতকে অসন্তুষ্ট করার ঝুঁকি নেওয়ার কারণ আছে। পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসারে বাংলাদেশ/পাকিস্তানের পর পরবর্তী সভাপতি হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা/জিম্বাবুয়ে থেকে।পর্যায়ক্রমিক পদ্ধতি থাকলেই যে বাংলাদেশের কেউ আইসিসির সভাপতি হয়ে যাবেন, এটি নিশ্চিত নয়। বাংলাদেশের মতো পাকিস্তানেরও দাবি থাকবে। দুই দেশ একমত হতে না পারলে সম্ভবত দুই দেশের প্রতিনিধির মধ্যে সেই ভোটাভুটিই হবে। আইসিসির বর্তমান সহসভাপতি নিউজিল্যান্ডের অ্যালান আইজাক সভাপতি হিসেবে শারদ পাওয়ারের স্থলাভিষিক্ত হবেন আগামী বছর। তখনই বাংলাদেশ/পাকিস্তান থেকে একজন সহসভাপতি মনোনয়ন দেওয়ার কথা। যিনি ২০১৪ সালে আইজাকের মেয়াদ শেষ হওয়ার পর সভাপতি হবেন।আইসিসি সভাপতি প্রসঙ্গের বাইরে সংবাদ সম্মেলনে আগামী এফটিপিতেও বাংলাদেশের ভারত সফর না-থাকা এবং আইসিসির বোর্ড সভাপতি পদে নির্বাচনের বিধান নিয়ে কথা বলেছেন কামাল। এফটিপিতে না থাকলেও বাংলাদেশ দল ভারত সফরে যাবেই বলে ঘোষণা দিলেন তিনি। স্বাগত জানালেন সভাপতি পদে নির্বাচনের নিয়মকেও।