আইসিসির সভাপতি এবং বিসিবির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির সভাপতি মনোনয়নে বর্তমান আবর্তন পদ্ধতি বাতিল করার প্রস্তাবে বিসিসিআইকে সমর্থন দিয়েছে বিসিবি। বিনিময়ে বিসিবিও ‘কিছু পাওয়ার’ প্রতিশ্রুতি পেয়েছে ভারতীয় বোর্ডের কাছ থেকে—গত কয়েক দিন স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছাপা হওয়া এমন সংবাদের ব্যাখ্যা দিয়েছে বিসিবি।কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, আবর্তন পদ্ধতি বাতিলের জন্য আজ থেকে হংকংয়ে শুরু আইসিসির নির্বাহী বোর্ডের সভায় উঠতে যাওয়া গঠনতন্ত্রের প্রস্তাবিত সংশোধনীতে বিসিবি নীতিগতভাবে সমর্থন দিয়েছে। তবে তারা মনে করে, আইসিসির সব পূর্ণ সদস্যদেশেরই বর্তমান আবর্তন-প্রক্রিয়ার সুবিধা পাওয়া উচিত। এ ব্যাপারে বিসিবির অবস্থান জানাতে আইসিসির সভাপতি শারদ পাওয়ারকে ১২ জুন পাঠানো এক চিঠিতে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল লিখেছেন, ‘বিসিবি প্রস্তাবিত সংশোধনীতে সমর্থন দেবে, যদি সেটি বর্তমান আবর্তন পদ্ধতি শেষ হলে কার্যকর হয়।’২৩ জুন ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছিল, ‘বিসিসিআই চায় আবর্তন পদ্ধতি আর না থাকুক এবং বিসিবি স্পষ্টই তাদের সে ইচ্ছার কাছে সমর্পিত হয়েছে। বিনিময়ে বিসিবিকেও কিছু দেওয়ার প্রতিশ্রুতি হয়তো থাকবে। তবে ঘটনা যা-ই হোক, এটা কেলেঙ্কারি ছাড়া আর কিছুই না।’ বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এমন অভিযোগকে বলেছেন ভিত্তিহীন, ‘এটা ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই। বিসিসিআইর সঙ্গে আমাদের কোনো প্রকার লেনদেনের সম্পর্ক নেই। বিসিবির কাছে দেশের স্বার্থই সবার আগে।’