আইসিসির সভাপতি হয়ে ফিরলেন কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের ক্রিকেটে তবু সাফল্য আসে মাঝেমধ্যে। মাঠের বাইরের ক্রিকেটে বাংলাদেশের সাফল্য খুব একটা নেই। এরই মধ্যে মাঠের বাইরের ক্রিকেট থেকে দেশের জন্য সবচেয়ে বড় সাফল্যটা বয়ে আনলেন বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির সভাপতির পদ অলংকৃত করেছেন তিনি।
আইসিসির সভা শেষে অস্ট্রেলিয়া থেকে কাল দুপুরে দেশে ফিরেছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী ও আইসিসির নতুন সভাপতি মুস্তফা কামাল। দেশে ফিরে বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এ অর্জন আমার একার জন্য হয়নি। এটি দেশের সব মানুষের অর্জন।’
এ সময় একটু আবেগপ্রবণ হয়ে মুস্তফা কামাল ফিরে যান তাঁর শৈশবে, ‘ছোটবেলায় স্কুলের বেতন দিতে পারিনি। যাঁরা সেদিন আমার স্কুলের বেতন দিয়েছেন, কলেজের ফরম ফিলআপ করে দিয়েছেন, আমার গ্রামের হাবিবুল্লাহ মিয়া, মোহাম্মদ আলী চেয়ারম্যান, আলী আশরাফ মজুমদার, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’ আইসিসির সভাপতি হওয়ার অর্জনকে তিনি উৎসর্গ করেছেন দেশের শিক্ষাবঞ্চিত
শিশু, প্রতিবন্ধী এবং ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক বিপর্যয়কে মুস্তফা কামাল মনে করেন সাময়িক। তবে বলেছেন, ক্রিকেটকে সাফল্যের পথে আনতে ক্রিকেটারদের নিয়মশৃঙ্খলার ওপর আরও জোর দিতে হবে। বাংলাদেশের ক্রিকেটারদের বেশি বেশি বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ারও কঠোর সমালোচনা করেন আইসিসি সভাপতি।