আইসিসির হল অব ফেমে গিলক্রিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিলক্রিস্ট
গিলক্রিস্ট

আশির দশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে এসে অনেক ব্যাটসম্যানকেই পড়তে হয়েছিল ডেনিস লিলি আর রডনি মার্শ জুটির ফাঁদে। লিলির বোলিংয়ে চিলের মতো ছোঁ মেরে ক্যাচ লুফে নিতে জুড়ি ছিল না মার্শের। দুর্দান্ত এই জুটির মাঝখানে পড়ে ব্যাটসম্যানরা যেন থাকতেন আতঙ্কে নীল। এই দুজনের সমন্বয়ে ব্যাটসম্যানদের মোট ৯৫ বার সাজঘরে ফিরতে হয়েছে আফসোসকে সঙ্গী করে। অথচ তাঁরা একসঙ্গে খেলতে পেরেছেন মাত্র ৬৯টি ম্যাচ। আইসিসির ‘হল অব ফেম’ এই দুজনকে এড়াতে পারেনি।
লিলি ও মার্শকে অনেকেই সর্বকালের সেরা বোলার-উইকেটরক্ষক জুটি হিসেবে অভিহিত করে থাকেন। কিন্তু এই জুটির একক নাম খর্ব হয়ে যায় যখন গিলক্রিস্ট-ম্যাকগ্রা প্রসঙ্গ আসে। লিলি-মার্শ জুটির অনেক পড়ে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে গিলক্রিস্ট-ম্যাকগ্রা জুটি ৭১টি ম্যাচে বধ করেছে ৯০ জন ব্যাটসম্যানকে। তাঁদের নামও উঠে গেছে আইসিসির হল অব ফেমে।
হল অব ফেমে ম্যাকগ্রার অন্তর্ভুক্তিটা হয়েছিল গত বছর। গতকাল পার্থ টেস্টের প্রথম দিনে ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন গিলক্রিস্টও। অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে তাঁর অবস্থানটা ১৯তম।
মার্শের সঙ্গে গিলক্রিস্টের অনেক মিলই পাওয়া যায়। দুজনেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। দুজনেই ছিলেন উইকেটের পেছনে অস্ট্রেলিয়ার নির্ভরতার প্রতীক। টেস্ট ক্যারিয়ারে দুজনেই খেলেছেন ৯৬টি ম্যাচ। কিন্তু ব্যাটিং সক্ষমতার দিক দিয়ে মার্শকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন গিলক্রিস্ট। ৯৬টি টেস্ট খেলে মার্শের সংগ্রহ ৩৬৩৩ রান। আর গিলক্রিস্টের ৫৫৭০, যার মধ্যে আছে ১৭টি শতক ও ২৬টি অর্ধশতক। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে বোলারদের মনে কাঁপনই ধরিয়ে দিতেন গিলক্রিস্ট। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ের স্বরূপটা ভালো বোঝা যাবে ওয়ানডে পরিসংখ্যান দেখলে। ২৮৭টি ওয়ানডে খেলে ১৬টি শতক আর ৫৫টি অর্ধশতকসহ গিলক্রিস্ট করেছেন ৯৬১৯ রান। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তিনি আছেন ১২ নম্বর অবস্থানে।

আইসিসির হল অব ফেমে ডন ব্রাডম্যান, অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেলদের মতো ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে একই তালিকায় স্থান পেলে যে কেউই খুশি হবেন, কোনোই সন্দেহ নাই। তবে গিলক্রিস্ট আরও বেশি উত্তেজিত নিজের আদর্শ রডনি মার্শের পাশে জায়গা করে নিতে পারার জন্য, ‘আইসিসির ক্রিকেট হল অব ফেমে অনেক দুর্দান্ত ক্রিকেটার আছেন। কিন্তু আমার খুবই ভালো লাগছে রড মার্শের সঙ্গে যোগ দিতে পেরে। স্কুলজীবনে ক্রিকেট খেলার সময় থেকেই তিনিই ছিলেন আমার আদর্শ। পরে তিনি আমার কোচও হয়েছিলেন।’ পিটিআই