আইসিসির হল অব ফেমে ব্রায়ান লারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে শতক, দ্বি-শতক, ত্রি-শতক, ৪০০ ও ৫০০ রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে ব্রায়ান লারার ঝুলিতে। বিস্ময়কর এই মাইলফলক গড়ে ইতিমধ্যেই কিংবদন্তিদের কাতারে জায়গা করে নিয়েছেন উইন্ডিজ এই ব্যাটসম্যান। এবার সেই কৃতিত্বের আনুষ্ঠানিক স্বীকৃতিও পেতে যাচ্ছেন লারা। ৬৭তম ক্রিকেটার হিসেবে তিনি জায়গা করে নিতে যাচ্ছেন আইসিসির হল অব ফেমে। তাঁর সঙ্গে এই সম্মানের অধিকারী হতে যাচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি নারী ক্রিকেটার এনিড বেকওয়েল।১৯৯০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ১৩১টি টেস্ট খেলে ১১,৯৫৩ রান করেছিলেন ব্রায়ান লারা। সেই সঙ্গে ২৯৯টি ওয়ানডে খেলে তাঁর ঝুলিতে জমা হয়েছিল ১০,৪০৫ রান। ১৯৯৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনি খেলেছিলেন ৫০০ রানের বিস্ময়কর ইনিংস। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন পর্যন্ত নিজের দখলে রেখেছেন লারা। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছিলেন হার না মানা ৪০০ রান। এই বিস্ময়কর কৃতিত্বগুলোর স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির হল অব ফ্রেমে জায়গা করে নিলেন প্রিন্স অব ত্রিনিদাদ। ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই অন্তর্ভুক্তির কথা ঘোষণা করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।ব্রায়ান লারার সঙ্গে আইসিসির হল অব ফেমে প্রবেশ করতে যাচ্ছেন ইংল্যান্ডের কিংবদন্তি নারী ক্রিকেটার এনিড বেকওয়েল। বর্তমানে ৭১ বছর বয়সী এই ক্রিকেটার তাঁর ১১ বছরের খেলোয়াড়ি জীবনে সংগ্রহ করেছিলেন ১,০৭৮ রান, যার মধ্যে ছিল চারটি শতক ও সাতটি অর্ধশতক। টেস্ট ক্রিকেটে দুবারেরও বেশি ৩০০ রান করার কৃতিত্ব দেখিয়েছেন বেকওয়েল। এ ছাড়াও ২৩টি একদিনের ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ২৫টি উইকেট ও ব্যাট হাতে করেছিলেন ৫০০ রান। এর মধ্যে আছে দুটি শতকের ইনিংস।— পিটিআই