আউট হননি ধোনি, আইসিসির ভুল স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজটি শুরু হওয়ার পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছে আম্পায়ারের অনেক সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেটারদের কঠোর সমালোচনার মুখে পড়ার পর তৃতীয় টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহারও করে নিয়েছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হারপার। এবার ব্রিজটাউন টেস্টের প্রথম দিনে এই বিতর্কটা আরও উসকে দিয়েছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আউটটা। ফিদেল এডওয়ার্ডের যে বলে ধোনিকে আউট দেওয়া হয়েছে, পরে দেখা গেছে যে সেটি ছিল নো বল। আইসিসিও এই ভুলের বিষয়টি স্বীকার করেছে।১৫৫ রানেই পাঁচ উইকেটের পতন হওয়ার পর উইকেটে এসেছিলেন ধোনি। এডওয়ার্ডের ১৫তম ওভারের শেষ বলে মিড অনে দাঁড়ানো চন্দরপলের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরের দিকে হাঁটা শুরু করার পর তাঁকে আবার একটু দাঁড়াতে বলেছিলেন আম্পায়ার ইয়ান গোল্ড। বলটা নো ছিল কি না, এই সংশয় দূর করার জন্য থার্ড আম্পায়ারের সহায়তা নিয়েছিলেন তিনি। কিন্তু টিভি রিপ্লেতে দেখানো হয় যে বলটা ঠিকভাবেই করা হয়েছে। কিন্তু পরে দেখা যায় যে টিভি রিপ্লেতে দেখানো সেই বলটা ছিল আসলে এডওয়ার্ডেরই করা অনেক আগের কোনো একটা বল। ধোনির আউট হওয়া বলটা আসলেই নো বল ছিল।আইসিসিও এই ভুলটা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।