আকবরের বিদায়-রাগিণী
২২ বছর বয়সী ছেলে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাবেন। ১৬ জুন ফ্লাইট। বড় ছেলে চলে গেলে ১৯ বছরের ছোট ছেলেকে নিয়ে থাকবেন স্ত্রী। কিন্তু ভরসা পাচ্ছেন না আলী আকবর পোরমুসলিমি। ‘স্ত্রী একা হয়ে যাবে, তার পাশে থাকা দরকার’—এই উপলব্ধি থেকে পরশু বা পরদিন দেশে ফিরে যাচ্ছেন আবাহনীর ইরানি কোচ।১৩ জুন ফেনীতে ফেনী সকারের সঙ্গে ম্যাচ শেষে ফিরে বিমানে ওঠার কথা ছিল। হরতালের কারণে ওই ম্যাচ পিছিয়ে যেতে পারে, তাই আলী আকবরের ক্যারিয়ারের আবাহনী-অধ্যায়ে আপাতত দাঁড়িই হয়তো পড়তে যাচ্ছে। আগামী মাসে সুপার কাপ হলে তিনি আসতে পারেন, না-ও আসতে পারেন।আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস অবশ্য আশাবাদী কোচ ফিরবেন, ‘তাঁর সঙ্গে জুলাই পর্যন্ত আমাদের চুক্তি। সুপার কাপ হলে তিনি আসবেন, এমনই কথা আছে। এর আগে তাঁর স্ত্রী মাস খানেক ঢাকায় ছিলেন, এবারও প্রয়োজনে স্ত্রীকে নিয়ে আসতে পারেন। আমাদের আপত্তি নেই।’আলী আকবর কী করবেন? ‘আগে বাড়ি যাই, স্ত্রীর সঙ্গে কথা বলি, তারপর বুঝব, ফিরতে পারব কি পারব না। আমার সঙ্গে ইরানের প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের কথা হচ্ছে। আমি অবশ্য বাংলাদেশে ফিরতে চাই। দেশে গিয়ে পরিস্থিতি না বোঝা পর্যন্ত আমার পক্ষে এখনই চূড়ান্ত কথা বলা দেওয়া কঠিন’—বললেন আবাহনীর কোচ।খুবই ক্ষীণ স্বরে কথা বলেন। স্বল্পভাষী, আপাদমস্তক ভদ্রলোক আলী আকবর বাংলাদেশে কাটিয়েছেন ৮ মাস। কেমন কাটল সময়টা? ‘সুন্দর স্টেডিয়াম, মোটামুটি ভালো মাঠ, দর্শক, সম্ভাবনাময় অনেক তরুণ ফুটবলার, বাংলাদেশের ফুটবলের সামনে এগোনোর ইঙ্গিত, ক্লাবগুলোর আন্তরিক চেষ্টা, আবাহনীর সুব্যবস্থাপনা...এগুলো আমার ভালো লেগেছে’ বলার পর বাজে দিকগুলোও তুলে ধরলেন, ‘দীর্ঘ লিগ, বারবার খেলা পেছানো, সকাল-বিকেল ফিকশ্চার বদল, নিম্নমানের বিদেশি খেলোয়াড়, মাঝেমধ্যে বাজে রেফারিং দেখে বেদনাহত হয়েছি। অহেতুক লিগটা লম্বা হচ্ছে, খেলোয়াড় এবং দলগুলো ক্লান্ত। ফেডারেশন কেন মাঝখানে স্বাধীনতা কাপ করল বুঝি না। এটার দরকারই ছিল না।’ঢালাও নিম্নমানের বিদেশি আনারও ঘোরবিরোধী শিক্ষক পরিবারের থেকে উঠে আসা এই ইরানি, ‘আবাহনীর কথা বাদ দিলাম। শেখ জামালের ২-৩ জন বিদেশি ও হাতেগোনা আরও দু-তিনজন বাদে বাকি বিদেশিরা খেলে শরীরনির্ভর ফুটবল। এদের এনে বাংলাদেশের ফুটবলের ক্ষতিই হচ্ছে। কর্তৃপক্ষের এটা বোঝা উচিত।’আলী আকবরের অধীন আবাহনী ফেডারেশন কাপ জিতেছে। স্বাধীনতা কাপ পায়নি, লিগও না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে সাফল্য-ব্যর্থতার মানদণ্ডে এই কোচকে মাপতে রাজি নন আবাহনীর সিনিয়র ফুটবলার নজরুল, ‘তিনি টোটাল টিমওয়ার্কের ওপর বেশি জোর দেন। অল্প জায়গায় নিখুঁত পাসের ওপর অনুশীলন করান বেশি। তিনি একজন উঁচুমানের কোচ। যদি আর না আসেন, আমরা তাঁকে মিসই করব।’ইরানি কোচের কাছে কি তাঁর শিষ্যের এই কথাটা টেলিপ্যাথি হয়ে গেল? না হলে আবেগতাড়িত হয়ে তিনিও কেন বলবেন, ‘আর ফেরা না হলে আমিও আবাহনী এবং বাংলাদেশকে মিস করব!’