আকমল-হাফিজকে কারণ দর্শাও নোটিশ
নিজেদের দায়িত্বটা তাহলে ভালোই পালন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! ক্রিকেটাররা শৃঙ্খলা-বিধি লঙ্ঘন করবেন, আর বোর্ড চোখ-মুখ বুজে বসে থাকবে—এটা কী হয়! হয় না বলেই নোটিশ পাঠানোর ধারাবাহিকতা বজায় রেখে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে মোহাম্মদ হাফিজ ও উমর আকমলকে।হাফিজ ও আকমলের অপরাধ—বোর্ডের অনুমতি না নিয়ে গণমাধ্যমে সাক্ষাত্কার দিয়েছেন তাঁরা। পিসিবির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেন, জাতীয় চুক্তির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের জাতীয় চুক্তিতে বলা আছে, বোর্ডের অনুমতি ছাড়া কেউ গণমাধ্যমে সাক্ষাত্কার দিতে পারবেন না। এই বিধিভঙ্গের অপরাধে সম্প্রতি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, নির্বাচক মোহাম্মদ ইলিয়াস ও মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সানা মিরকে নোটিশ পাঠায় পিসিবি। ওয়েবসাইট।