আকমলদের দুর্দশা
ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। এশিয়া কাপে দুই দিন আগে আফগানিস্তানের বিপক্ষে করেছেন সেঞ্চুরি, আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন দলীয় সর্বোচ্চ ৭৪ রান। উমর আকমল কোথায় একটু নির্ভার থাকবেন, তা নয়। এখন মাথা ঘামাতে হচ্ছে মামলা-মোকদ্দমা নিয়ে।
পাকিস্তান উইকেটকিপার-ব্যাটসম্যান ঝামেলাটা বাধিয়েছিলেন গত মাসেই। লাহোরের রাস্তায় ট্রাফিক আইন ভেঙেছিলেন। শুধু এটুকু হলেই কথা ছিল, পুলিশের গায়েও নাকি হাত তুলেছেন। সে কারণে কয়েক ঘণ্টা হাজতবাসও করতে হয়েছে। শেষ পর্যন্ত ছাড়া পেয়েছেন জামিনে। আকমল তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেও পার পাচ্ছেন না, তাঁকে ১১ মার্চ হাজিরা দিতে হবে লাহোরের আদালতে। এএফপি
কী কাকতাল, বড় ভাই কামরান আকমলও প্রায় কাছাকাছি অপরাধ করেছেন। লাহোরেই ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য অভিযুক্ত হয়েছেন কামরান। তবে আগেভাগেই অপরাধ স্বীকার করে নেওয়ায় শুধু জরিমানা দিয়েই পার পেয়ে গেছেন। ।