আকমলের অসুখ নিয়ে রহস্য বাড়ছেই

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন। ত্রিনিদাদ থেকে অ্যান্টিগা যাওয়ার পথে বিমানের ভেতরেই দাঁতকপাটি লেগে জ্ঞান হারিয়ে ফেলেন উমর আকমল। ঘটনাটা এ মাসের মাঝামাঝি সময়ের। এর প্রায় অর্ধমাস পেরিয়ে গেলেও পাকিস্তানি এই উইকেটরক্ষক ঠিক কী রোগে ভুগছেন, এ নিয়ে ধোঁয়াশা কাটছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আকমলের অসুস্থতা নিয়ে পরিষ্কার কিছু জানায়নি। পিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকেরা জানিয়েছিলেন, মৃগীরোগে ভুগছেন আকমল। রোগের মাত্রাটাও নাকি বেশি। তবে পিসিবির চিকিত্সকেরা ভিন্ন কিছু বলছেন।
পিসিবি সূত্রের ভাষ্য, ‘সত্যি বলতে, ওয়েস্ট ইন্ডিজে করা আকমলের রিপোর্টগুলো দেখে বোর্ডের মেডিকেল প্যানেল কিছুটা দ্বিধান্বিত। সেখানকার রিপোর্টগুলোর সঙ্গে পাকিস্তানে করা রিপোর্ট মিলছে না। পাকিস্তানি চিকিত্সকদের ধারণা, আকমল হূদরোগে ভুগছেন।’
রোগ বা রোগের মাত্রা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছেন আকমল নিজেও। দাঁতকপাটি লেগে জ্ঞান হারিয়ে যাওয়ার পর দ্রুতই দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। ক্যারিবীয় লিগে আর খেলা হয়নি। জিম্বাবুয়ের সফরের দলেও তাঁকে রাখেননি পাকিস্তানি নির্বাচকেরা। তবে দেশে ফিরেই আকমল ভাইদের ছোটজন সংবাদমাধ্যমকে জানান, তিনি বেশ ভালো আছেন। তেমন কিছু হয়নি। জিম্বাবুয়ে সফরের দলে যোগ দিতে তিনি প্রস্তুত।
এদিকে পিসিবির সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রখ্যাত স্নায়ুবিদ সোহেল সালিমের সঙ্গে সাক্ষাত্ করতে করাচিতে গেছেন আকমল। তাঁর সঙ্গে আছেন পিসিবির একজন চিকিত্সক। এর আগে লাহোরে চেকআপও করিয়েছেন আকমল। আজ বুধবার আরেকবার চেকআপ হবে। চেকআপ শেষ হলেই আকমলের শারীরিক অবস্থার সঠিক চিত্র হয়তো জানা সম্ভব হবে।
ওয়েস্ট ইন্ডিজে দাঁতকপাটি লাগার পর আকমলের পরিবারের এক সদস্য স্বীকার করেন, মৃগীরোগ আছে পাকিস্তানি এই ক্রিকেটারের। এরপর ব্যাপারটা নিয়ে মুখ খুলছে না কেউই। কিন্তু কেন সবার মুখে কুলুপ আঁটা? পিসিবির সূত্রের দাবি, পিসিবির অন্তর্বর্তী চেয়ারম্যান নজম শেঠি রোগ নিয়ে মুখ খুলতে বারণ করেছেন। ওই সূত্রের ভাষ্য, ‘গত সপ্তাহে লাহোরে আকমলের সঙ্গে দেখা করেন শেঠি। পিসিবির প্রধান তাঁকে পরামর্শ দেন গণমাধ্যমের সঙ্গে ব্যাপারটা নিয়ে কোনো কথা না বলতে। পিসিবি তাঁর চিকিত্সার যথার্থ ব্যবস্থা করবে বলেও নিশ্চয়তা দেন শেঠি।’
এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান জন্টি রোডস জানিয়েছেন, একসময় তিনি মৃগীরোগে ভুগেছেন। আতঙ্কিত না হয়ে আকমলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন রোডস, ‘আমি উমরকে বলতে চাই, সঠিক চিকিত্সার মাধ্যমে এই রোগ সেরে ওঠার মতো। ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তাঁকে অবশ্যই নিজের প্রতি যত্নশীল হতে হবে।’ সূত্র: পিটিআই।