আকমলের সর্বনাশা ভুল!
গতকাল পাকিস্তানের ১১০ রানের হারটার পেছনে সবচেয়ে বড় অবদান কার? রস টেলরের বিধ্বংসী ব্যাটিংয়ের নাকি কামরান আকমলের অবর্ণনীয় বাজে উইকেট কিপিংয়ের? শূন্য ও আট রানের মাথায় টেলরের দুইটা অতি-সহজ ক্যাচ আকমল না ফেলে দিলে ম্যাচের পরিস্থিতিটা যে অন্যরকম হতো একথা হলফ করেই বলা যায়। পাকিস্তানি সমর্থকরা এখন হয়তো গালাগালি ছাড়া আকমলের নাম উচ্চারণই করতে পারবেন না। তবে খুব ভদ্র-বিনয়ী ভাষায় আকমলের গতকালের পারফরমেন্সটা বর্ণনা করেছেন ইয়ান চ্যাপেল, ‘আকমল উইকেটের পেছনে যে কীর্তিগুলো করেছে, সেটা ডন ব্রাডম্যানের মতো ব্যাটিং করেও পুষিয়ে দেওয়া সম্ভব না।’গতকাল ক্যান্ডিতে শুরুটা বেশ ভালো মতোই করেছিল পাকিস্তান। ১৩ ওভারের মধ্যেই মাত্র ৫৫ রানেই তুলে নিয়েছিল ব্রেন্ডন ম্যাককালাম ও জেমি হাউয়ের উইকেট। কিন্তু ১৪তম ওভারটাতেই পাকিস্তানকে দুঃস্বপ্নের চাদরে মুড়ে দিলেন কামরান আকমল। শোয়েব আকতারের দ্বিতীয় বলে টেলরের ব্যাটের কানায় লেগে বল চলে গেল আকমল আর স্লিপে দাঁড়ানো ইউনুসের মাঝখান দিয়ে। দুই বল পর এবার যেন টেলরকে জন্মদিনের উপহার দিলেন আকমল। ক্যাচটা ধরেও আবার ফেলে দিলেন মাটিতে। দুই দুইবার জীবন পেয়ে বার্থডেবয় রস টেলর হয়ে উঠলেন দুর্দমনীয়। খেললেন ১২৪ বলে ১৩১ রানের দানবীয় এক ইনিংস। শেষ চার ওভারে জ্যাকব ওরামকে সঙ্গে নিয়ে স্কোর বোর্ডে যোগ করলেন ৯৪ রান। ম্যাচ নিয়ে গেলেন পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে।৩০৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অবর্ণনীয় ভুলগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়া তো দূরে থাক, কামরান আকমল পাকিস্তান সমর্থকদের আরো হতাশ করে সাজঘরে ফিরলেন মাত্র ৮ রান করে। পাকিস্তান হারল ১১০ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ শেষে এই বাজে পারফরমেন্সের জন্য কোন অজুহাতও খুঁজে পেলেন না আফ্রিদি। বললেন, ‘আমার কোন অজুহাত নেই। আমরা ভালো বল করতে পারি নি। ভালো ফিল্ডিংও করতে পারি নি।’কামরান আকমলের এই ধরনের কীর্তি কিন্তু এবারই প্রথম না। গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেসেও একই রকমের কাণ্ড করেছিলেন এই পাকিস্তানি উইকেট রক্ষক। সেবার খুব অল্প সময়ের মধ্যেই তিনবার ফেলেছিলেন মাইক হাসির ক্যাচ। সে ম্যাচেও ১৩৪ রানের হার না মানা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ৩৬ রানের জয় এনে দিয়েছিলেন হাসি। সেই ম্যাচ শেষে ম্যাচ পাতানোর অভিযোগও উঠেছিল আকমলের বিরুদ্ধে। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি ক্রিকেটটা ভালোবেসেই খেলি। টাকার জন্য না। আমি অস্ট্রেলিয়াকে জেতানোর জন্য ক্যাচ ফেলি নি। এগুলো ঘটেই থাকে। ক্রিকেটে সব দিনই সমান যায় না।’ হ্যাঁ, আকমলের কথা ঠিকই। সব দিন সমান যায় না। তবে ভুলগুলো কী একটু বেশিই হয়ে যাচ্ছে না কামরান আকমলের? আর তাঁর সর্বনাশা ভুলগুলোর মাশুল কীভাবে দিতে হয়, সেটাও নিশ্চয়ই খুব ভালো মতোই টের পাচ্ছেন তিনি। দ্য টেলিগ্রাফ