তাঁরা ছিলেন সতীর্থ, ছিলেন জাতীয় দলের অধিনায়ক। আকরাম খান, মিনহাজুল আবেদীন এবং হাবিবুল বাশারকে আবারও এক মঞ্চে নিয়ে এল জাতীয় দল নির্বাচক কমিটি।আজ বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর ঘোষিত নতুন নির্বাচক কমিটি এই তিন সাবেক খেলোয়াড়কে নিয়েই গঠিত। প্রধান নির্বাচক গত দুটি নির্বাচক কমিটিতেই থাকা আকরাম খান।আগামী ৩০ এপ্রিল শেষ হয়ে যাবে রফিকুল আলমের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ। আকরাম খানের নির্বাচক কমিটি দায়িত্ব গ্রহণ করবে ১ জুন থেকে। আগের কমিটির কাজের ধারাবাহিকতা রক্ষার কথা চিন্তা করেই নতুন কমিটিতেও তাঁকে রেখেছে বোর্ড এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতার কথা বিবেচনা করে করা হয়েছে প্রধান নির্বাচক।নতুন কমিটির আরেক সদস্য মিনহাজুল আবেদীন বলেছেন জানি, এটা থ্যাংকলেস জব, চ্যালেঞ্জিং জব। তার পরও কমিটিতে আর যাঁরা আছেন, তাঁদের সঙ্গে মিলে সেরাটা দিতে পারব আশা করি।’বোর্ড সূত্রে জানা গেছে, নির্বাচক কমিটিতে আকরাম খান ও মিনহাজুল আবেদীনের অন্তর্ভুক্তি সর্বসম্মতিক্রমে হলেও বিতর্ক ছিল হাবিবুল বাশারকে নিয়ে। বোর্ডের কয়েকজন পরিচালক তাঁর আইসিএলে চলে যাওয়ার ঘটনাটি সামনে নিয়ে আসছিলেন। তৃতীয় নির্বাচক হিসেবে তাই আলোচনায় ছিলেন আরও দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ এবং সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। তবে শেষ পর্যন্ত বোর্ড হাবিবুলকেই রাখার সিদ্ধান্ত নেয়।হাবিবুল বোর্ডের এই সিদ্ধান্তে সম্মানিতই বোধ করছেন। সন্ধ্যায় লেভেল-২ কোচিং কোর্স করতে মালয়েশিয়ায় যাওয়ার আগে সুসংবাদটা শুনে বলেছেন, ‘এটা আমার জন্য বিরাট চ্যালেঞ্জ। অধিনায়ক থাকার সুবাদে দল নির্বাচন-প্রক্রিয়ায় যুক্ত থাকার সুযোগ আগেও হয়েছে। সেটা এখানে কাজে দেবে।’