আকরাম-ইনজির শরণাপন্ন পাকিস্তান
আগামী ডিসেম্বর মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তান। ভারত সফর শেষ হওয়ার পরপরই আবার একটি পূর্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তৈরি হতে হবে মিসবাহ বাহিনীকে। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। গুরুত্বপূর্ণ এ দুই সফরের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার জন্য ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের সহায়তা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাবেক এই দুই অধিনায়ক বোলিং ও ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে যোগ দেবেন পাকিস্তান দলের সঙ্গে।২০০৭ সালের পর এবারই প্রথম একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান। দীর্ঘদিন পর চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য মুখিয়ে আছে তারা। তাই বোধহয় ব্যাটিং ও বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতেই ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের বিশেষ সাহায্য নিতে যাচ্ছে পিসিবি। আজ এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পিসিবির সভাপতি জাকা আশরাফ। তিনি বলেন, ‘আমরা ওয়াসিম ও ইনজামামের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তাঁরা দুজনই বিশেষ অনুশীলনে অংশ নিতে রাজি হয়েছেন। পাকিস্তানের অন্যতম সেরা এই দুই ক্রিকেটারের সাহায্য নেওয়ার মূল উদ্দেশ্য হলো, সামনের দুটি সফরের জন্য সবাইকে ভালোভাবে প্রস্তুত করে তোলা। আর সেই সঙ্গে ক্রিকেট দলের অন্য খেলোয়াড়েরা যেন নিজেদের সক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, সেই প্রয়াশও আমাদের থাকবে।’ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের এই বিশেষ অনুশীলনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। আকরাম বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তিনি কাজ করেন ইএসপিএনের ধারাভাষ্যকার হিসেবে। তাঁর সময়সূচির সঙ্গে সংগতি রেখে এই বিশেষ অনুশীলনের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যাটিং ও বোলিং বিশেষজ্ঞ হিসেবে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাবে ইনজামাম ও আকরাম যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিসিবির সভাপতি জাকা আশরাফ। তিনি বলেন, ‘ওয়াসিম ও ইনজামাম যেভাবে সাড়া দিয়েছেন এবং খেলোয়াড়দের সাহায্য করতে আগ্রহী হয়েছেন, তাতে আমি সত্যিই খুব আনন্দিত। তাঁরা দুজনই অসাধারণ ক্রিকেটার। আর তাঁদের অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের ক্রিকেটারদের জন্য অনেক ফলদায়ক হবে।’ওয়ানডে ও টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ওয়াসিম আকরাম। ব্যাটসম্যান ইনজামামের ঝুলিতে রয়েছে দেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ করতে যাচ্ছেন ইনজি। ইএসপিএন।