আকরাম-নাঈমুরের জন্য নাজমুলের 'অনুরোধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মিলিয়ে ২০-২২ জন ক্রীড়া সংগঠক। তাঁদের মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তিনজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তিনজন। বাকিরা বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার হলেও সাধারণ সম্পাদক নন। কাল মিরপুরের ক্রিকেট একাডেমি ভবনে তাঁদের নিয়েই নির্বাচনী মতবিনিময় সভা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবি নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরতেই নাজমুলের এই সভা। সভা শেষে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে বিসিবির কোনো বিরোধ নেই জানিয়ে সভাপতি বললেন, ‘মিথ্যা তথ্য দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজ (গতকাল) বিভিন্ন বিভাগ ও জেলার সাধারণ সম্পাদক, সহসভাপতি বা যাঁরা আগে কাউন্সিলর হয়েছেন ওনাদের ডেকেছি। ওনাদের বললাম, আপনাদের ওখান থেকে কে কাউন্সিলর হয়ে আসবেন সেখানে আমাদের কিছু করার নেই। আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করছি না।’
হস্তক্ষেপ করছেন না দাবি করলেও চট্টগ্রাম ও মানিকগঞ্জের সংগঠকদের কাছে একটা ‘অনুরোধ’ ঠিকই করেছেন নাজমুল, ‘একটা দুটি ব্যতিক্রম হতে পারে। একজন কি দুজন, সর্বোচ্চ দুজন থাকতে পারে আমাদের পছন্দ। তা-ও আপনারা (জেলা ও বিভাগের কর্মকর্তারা) যদি রাজি হন। যেমন আকরাম আসলে চট্টগ্রামের ক্রিকেটে আমূল পরিবর্তন আসবে। তার মানে এই না যে আকরামকে আমিই নিয়ে আসছি। জেলা ও বিভাগই ঠিক করবে আকরামকে তারা দেবে কি দেবে না। এ রকম দুর্জয়ের (নাঈমুর রহমান) ক্ষেত্রে হতে পারে।’ বিসিবির কাউন্সিলর মনোনয়নের নির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বিশেষ কারও জন্য সভাপতির মতো কেউ অনুরোধ করে বসলে সেটা তৃণমূল পর্যায়ের জন্য চাপই হয়ে যায়। তা ছাড়া আকরাম-নাঈমুরকে যদি নাজমুল বিসিবিতে চাইবেনই, কেন তাঁদের এনএসসির কোটায় সরাসরি বোর্ড পরিচালক করে আনা হচ্ছে না, সেটাও প্রশ্ন।
বিসিবি সভাপতির ব্রিফিংয়ের সময় আকরাম-নাঈমুর কাছেই ছিলেন। নাজমুল হাসানের বিশেষ বার্তা পেয়ে দুজনই সভায়। বিসিবির অস্থায়ী কমিটির সদস্য হিসেবে নাঈমুর তাতে থাকতেই পারেন। কিন্তু এখনো প্রধান নির্বাচকের পদে থাকা আকরামের এমন নির্বাচনী সভায় উপস্থিত হওয়াটা বেমানান ঠেকেছে।
ঈদের পর অন্যান্য জেলা ও বিভাগের কর্মকর্তাদের ডেকে এ রকম আরও সভা করার পরিকল্পনা আছে নাজমুলের, ‘ঈদের পর পর আমরা অন্যদেরও ডাকব। আজ (গতকাল) যেমন সবাই বুঝতে পেরেছেন তাঁদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, অন্যরাও নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন। হাতে গোনা দু-একজন ছাড়া কারও সঙ্গেই আমাদের কোনো দ্বন্দ্ব নেই।’ সেই হাতে গোনা দু-একজন কারা, স্পষ্ট না করলেও আরেক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘বিসিবিতে কারা অনিয়ম-দুর্নীতি করে গেছে সেসব আমরা অবশ্যই প্রকাশ করব। এ জন্যই তো আজকে তারা উঠেপড়ে লেগেছে। নইলে একটা নির্বাচনের জন্য তাদের এত কিছু করার কথা না। তারা হয় নির্বাচনটা বানচাল করতে চাচ্ছে অথবা জয়ী হয়ে এসে এসব জিনিস ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে। শিগগিরই আপনারা জেনে যাবেন তারা কারা। যখন মামলা হবে জেনে যাবেন।’
জেলা ও বিভাগকে পাশে চাইলেও বিসিবির নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের সংগঠন ফোরামের কোনো ভূমিকা দেখছেন না নাজমুল। বরং এই সংগঠনটির প্রতি ক্ষোভই উগরে দিলেন, ‘প্রতিটা ফেডারেশনের নির্বাচনেই তাদের (ফোরাম) এই একই চেহারা আমরা দেখতে পাই। ক্রীড়াঙ্গন থেকে না পারলেও ক্রিকেট থেকে ওদের এই অশুভ খেলাটাকে আমি চিরতরে বন্ধ করতে চাই। ক্রিকেটে কোটি কোটি টাকার খেলা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।’
বিসিবির অস্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসিরও ক্ষুব্ধ ফোরামের ওপর, ‘ফোরামের উদ্দেশ্য ছিল ক্রীড়ার উন্নয়ন। কিন্তু এটা ক্রীড়ার উন্নয়নে কোনো ভূমিকা রাখছে না। যখন কোনো ফেডারেশনের নির্বাচন আসে তখনই ফোরামের তৎপরতা বৃদ্ধি পায়।’ একই কথা মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলেরও, ‘মাঠের খেলার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফোরাম এখন দু-একজনের কোটাবন্দী।’
তবে বিসিবির নির্বাচনে ফোরামের সঙ্গে একমত প্রকাশ করা লোকও ছিলেন সভায়। রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম যেমন বললেন, ‘ফোরামের দাবির সঙ্গে আমরাও একমত। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেই বিসিবির কাউন্সিলর করতে হবে।’