আকরামকে অভিনন্দন
সাবেক অধিনায়ক ও নির্বাচকআকরাম খানকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ক্রিকেটে কী অন্যায়-অবিচার হচ্ছে, সেটা তাঁর সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে সবাই জানল। ক্রিকেট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এসব অন্যায়, অবিচারের কথা মানুষের জানার অধিকার আছে।নির্বাচকদের দলে কাটাছেঁড়ার সংস্কৃতি দু-তিন বছর ধরেই চালু বাংলাদেশের ক্রিকেটে। এ নিয়ে অনেক গুঞ্জন থাকলেও আমরা সবাই ধোঁয়াশার মধ্যে ছিলাম। এই প্রথম কেউ প্রকাশ্যে কথাটা বললেন এবং সেটা বলে আকরাম খান আবারও তাঁর ব্যক্তিত্বের প্রমাণ দিলেন। ক্রিকেটার হিসেবে খুব ভালো ভাবমূর্তি ছিল আকরামের। সেই ভাবমূর্তি উজ্জ্বল হলো আরও।আকরাম ঠিক কাজটাই করেছেন। কারণ তামিম কেন দলে নেই—এই প্রশ্নের উত্তর আকরাম কোনো দিনই দিতে পারতেন না। কারণ এটা তাঁর সিদ্ধান্ত না। অন্যের সিদ্ধান্তের দায়ভার তিনি কেন নেবেন? আকরাম সব প্রকাশ্যে বলায় এখন মানুষ জানল, দল নির্বাচন নিয়ে ক্রিকেট বোর্ডে আসলে কী হয়।