আকরামকে হুমকির অভিযোগ
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির পরিচালক আকরাম খানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। গতকাল চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে খোদ আকরাম খানই অভিযোগ করেছেন, তাঁকে চট্টগ্রাম না আসতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
আকরাম খান বলেন, ‘একটি গোষ্ঠী চায় আমি যেন চট্টগ্রামে বেশি কাজ না করি। চট্টগ্রাম না আসি। এটিকে ঠিক হুমকি বলব না কী বলব জানি না৷ আমার বন্ধুবান্ধব, পরিচিতজন এবং আত্মীয়-স্বজনের মোবাইলে কিংবা মেইলে আমাকে জড়িয়ে এ ধরনের হুমকি আসছে। তামিম, নাফিসদের কাছেও আমাকে জড়িয়ে এ ধরনের বার্তা আসছে।’ এসব বার্তার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থার টাকার বিষয়টিও ঘুরেফিরে আছে বলে জানালেন আকরাম। প্রসঙ্গত, বিসিবির কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া বিভাগীয় ক্রীড়া সংস্থার টাকা আকরাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়েছে।
কারও হুমকিতে ভীত নন উল্লেখ করে আকরাম বলেন, ‘বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী আমার ব্যাংক হিসাবে টাকা দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে। কোথায় কোন খাতে কত টাকা খরচ করা হচ্ছে সব হিসাব বিসিবিকে দেওয়া হবে। আমি চট্টগ্রামে ৪০-৫০ জনের একটি আধুনিক একাডেমি করব।’
বিসিবির নির্বাচনের পর থেকেই বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে আকরাম খানের দূরত্ব বেড়েছে। এসব হুমকির পেছনেও একই কারণ থাকতে পারে কি না জানতে চাইলে আকরাম বলেন, ‘কারা হুমকি দিচ্ছে আমি জানি না। তবে মনে হয় না সে (আলমগীর) ওসব করবে। তার সঙ্গে হাই-হ্যালো হয়।’ প্রসঙ্গত, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আকরামের ভগ্নিপতি৷ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আকরামের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আ জ ম নাছির উদ্দিন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস৷