আকরামের আজমল স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঈদ আজমলের ঘূর্ণিজাদু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেঁধে ফেলেছে অস্ট্রেলিয়াকে। শারজার প্রথম ওয়ানডে জিতলেও আবুধাবির দ্বিতীয় ওয়ানডেতে মূলত এই আজমলের কাছে পরাজিত অসিরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, আবুধাবির ওয়ানডেতে সাঈদ আজমলের বলে রীতিমতো হতবুদ্ধি ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। তাঁর মতে, সাঈদ আজমলের কারণেই মূলত এই সিরিজে জয়ের সম্ভাবনা পাকিস্তানেরই বেশি।শুক্রবার রাতে আবুধাবির শিশির বোলারদের যথেষ্ট ভুগিয়েছে। বল গ্রিপ করতে রীতিমতো হিমশিম ছিলেন স্পিনাররা। কিন্তু এমনি এক পরিস্থিতিতে সাঈদ আজমল নিজের মুনশিয়ানাটা প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। ওয়াসিম আকরামের মতে, শিশিরের সমস্যা সত্ত্বেও শুক্রবার আজমলের দুসরাগুলো অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের খুব ভুগিয়েছে। তিনি বলেন, এই সিরিজে পাকিস্তানের সবচেয়ে বড় সুবিধা, সাঈদ আজমলের বল এখনো অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা ঠিকমতো বুঝে উঠতে পারেননি। ‘সাঈদ আজমলের বলগুলো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ঠিকমতো ধরতে পারছিলেন না। এটি প্রমাণ করে, বোলার হিসেবে আজমল কোন মানের।’ বলেছেন ওয়াসিম আকরাম।আকরামের মতে, যেহেতু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সাঈদ আজমলের বল বুঝতে পারছেন না, সে কারণে দুই ম্যাচে সাত উইকেট নিতে তাঁকে খুব একটা বেগ পেতে হয়নি। উইকেটগুলো নিতে তাঁকে খুব বেশি রানও খরচ করতে হয়নি।গত এক বছরে টেস্ট ক্রিকেটে সাঈদ আজমল উইকেট সংগ্রহের দিক দিয়ে শীর্ষ অবস্থানেই আছেন। তিনি আইসিসির টেস্ট স্কোয়াডেও স্থান পেয়েছেন। তবে এখনো পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কোনো বার্ষিক পুরস্কার তিনি পাননি। ব্যাপারটি সবাইকে অবাক করলেও সাঈদ আজমলের সক্ষমতা কিন্তু প্রমাণিতই। ইএসপিএন।