আকরামের আরও বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকরাম খান
আকরাম খান

আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন। বোর্ড পরিচালক নির্বাচিত হয়ে দারুণ চ্যালেঞ্জিং একটা দায়িত্বই পেয়েছেন আকরাম খান। সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক এখন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান। এমন একটা সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন আকরাম, যখন আইসিসির এফটিপি নিয়ে পুরোনো প্রশ্নগুলো নতুন করে উঠছে। পারফরম্যান্সের উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে বাংলাদেশের কম খেলা নিয়ে হাহাকার। ক্রিকেট পরিচালনা কমিটির নতুন প্রধান কি পারবেন এই হাহাকার কমাতে?

তিন বছর আগে হওয়া এফটিপি নিয়ে নতুন করে কিছু করার নেই। সে সময় বিসিবির পক্ষ থেকে দর-কষাকষি করা হয়নি দেখে আকরাম বিস্মিতও। তবে এ নিয়ে শুধু হা-হুতাশ করে বসে থাকতে চান না তিনি। চেষ্টা করবেন এফটিপির বাইরে ম্যাচ আয়োজনের। শুরুটা করতে চান বয়সভিত্তিক, একাডেমি আর ‘এ’ দল দিয়ে। আর তাঁর এই পরিকল্পনায় বড় অংশজুড়ে থাকছে প্রতিবেশী দেশগুলো। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্ক উষ্ণ করতে চান আকরাম।

ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নেওয়ার পর নিজের নতুন কার্যালয়ে এলেন কালই প্রথম। বিদায়ী প্রধান এনায়েত হোসেনের কাছ থেকে এখনো দায়িত্ব বুঝে নেননি বলে আনুষ্ঠানিকভাবে এখন চেয়ারে বসেননি। তবে কাজ শুরু করে দিয়েছেন। যদিও হাতে-কলমে এখনো নয়, পরিকল্পনা সাজাচ্ছেন ভাবনায়, ‘আমার পরিকল্পনা হলো, শুরুতেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে না গিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা করা। তাদের অনুরোধ করা। টেস্টপূর্ব যুগে ওরা আমাদের অনেক সাহায্য করেছে। এখন করবে না কেন? অন্তত একাডেমি দল, অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের খেলা যদি নিয়মিত আয়োজন করা যায় ওদের সঙ্গে, তাহলে আমার বিশ্বাস সেই পথ ধরে আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারব আমরা।’

টেস্টপূর্ব যুগে প্রতিবেশীদের যথেষ্টই পাশে পেয়েছে বাংলাদেশ, টেস্ট স্ট্যাটাস পাওয়াতেও প্রতিবেশীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। কিন্তু কূটনৈতিক ব্যর্থতায়ই হোক বা অন্য কারণে, সম্পর্ক আগের মতো উষ্ণ নেই অনেক দিন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এখন তলানিতে, অভিষেক টেস্ট খেলা ভারত এখন পর্যন্ত ডাকেনি বাংলাদেশকে। শ্রীলঙ্কার সঙ্গে দৃশ্যমান কোনো বিরোধ না থাকলেও বাড়তি কিছু সুবিধা নেওয়ার উদ্যোগও দেখা যায়নি। আকরাম এই পরিস্থিতিটাই পাল্টে দিতে চান, ‘আমার দিক থেকে শতভাগ প্রচেষ্টা থাকবে সম্পর্কোন্নয়নে। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে আমাদের নিয়মিত খেলতে হবে। চেষ্টা করব ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলার।’

এই কম ম্যাচ খেলার প্রসঙ্গে পুরোনো একটা আক্ষেপও জাগল আকরামের কণ্ঠে, ‘এফটিপি করার আগেই কিন্তু আইসিসি একটি প্রাথমিক তালিকা পাঠায় সব দেশে। যেমন নিউজিল্যান্ডের টেস্ট ছিল ৬০টির মতো। তারা পরে দর-কষাকষি করে বাড়িয়ে ৮৫টির মতো করেছে। আমি অবাক হয়েছি যে আমাদের এখানে ওই চেষ্টা করা হয়নি।’

বোর্ড পরিচালক নির্বাচিত হয়েই চেয়েছিলেন সরাসরি ক্রিকেট-সম্পর্কিত কোনো দায়িত্বে থাকতে। ছয় বছর ধরে নির্বাচক ছিলেন বলে ক্রিকেট পরিচালনা কমিটিই ছিল পছন্দের জায়গা। দায়িত্বটা পেয়ে লক্ষ্যও ঠিক করে ফেলেছেন, ‘বাংলাদেশ দলের ভালো পারফরম্যান্স নিশ্চিত করতে যা যা দরকার, সব করার চেষ্টা করব। চাইব ক্রিকেটাররা যেন স্বস্তিতে থাকে। অনেক সময় আমরা ক্রিকেটারদের শুধু খেলার ব্যাপারগুলো দেখি। আমি চেষ্টা করব খেলার আগে বা পরের ব্যাপারগুলোও খেয়াল রাখতে।’

২০১৫ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে একটি দলকে পাঠানোর চেষ্টার কথা বললেন, বললেন বাংলাদেশের ক্রিকেটারদের দেশের বাইরে খেলার সুযোগ করে দেওয়ার কথা। আর বিসিবিতে সহযোগী বিভাগগুলোর প্রতি জানালেন আহ্বান, ‘আমার পক্ষে একা কিছু করা সম্ভব হবে না। অপারেশনস, টুর্নামেন্ট কমিটি আর গেম ডেভেলপমেন্ট—এই তিনটি বিভাগের মধ্যে সমন্বয় খুব ভালো থাকতে হবে। আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, আগের ঘাটতিগুলো পুষিয়ে দিতে পারব আশা করি।’

নির্বাচনী বৈতরণি পেরিয়ে এই দায়িত্ব পর্যন্ত আসাটাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে আরও কঠিন চ্যালেঞ্জ শুরু এখন। এখানে আকরামের সাফল্য নির্ধারণ করবে সময়!