আকরামের কল্পনায় টেন্ডুলকারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যটা কাল্পনিক, কিন্তু রোমাঞ্চকর সন্দেহ নেই।

শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট। কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচে মগ্ন হয়ে স্থবির সীমান্তের এপার-ওপারের জীবনযাত্রা!
নাহ্, এখন পর্যন্ত এটা কল্পনাই। আর কিংবদন্তি টেন্ডুলকারের বিদায় মুহূর্তটা এভাবেই কল্পনার চোখে সাজিয়েছেন আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি মনেপ্রাণে চান টেন্ডুলকারের বিদায়টা হোক অভিষেক টেস্টের প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে।
ঠিক কবে অবসর নেবেন, টেন্ডুলকার সেটা মুখ ফুটে বলেননি এখনো। কিংবা কাছাকাছি সময়ে অবসরের ভাবনা আদৌ তাঁর মাথায় আছে কি না, সেটাও পরিষ্কার নয়। যদিও ২০০ টেস্ট খেলেই অবসর নেবেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন। সেই বিদায়টা যাতে দেশের মাটিতে হয়, সেটি নিশ্চিত করতেই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত করে দিয়ে দেশে আমন্ত্রণ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তবে সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীসহ টেন্ডুলকারের ঘনিষ্ঠ আরও কয়েকজন আভাস দিয়েছেন, আপাতত অবসরের কোনো ভাবনা নেই টেন্ডুলকারের মনে। শুধু ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা কেন, আগামী বছর ইংল্যান্ড সফরেও নাকি দলে দেখা যেতে পারে ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
তার পরও তাঁর অবসর নিয়ে গুঞ্জন কমেনি। তা যেদিনই বিদায় নেন না কেন, ওয়াসিম আকরাম চান সেটি যেন হয় পাকিস্তানের বিপক্ষে, ‘আমি মনে মনে একটা আদর্শ দৃশ্য ভেবেছি তাঁর বিদায়ী টেস্টের। কলকাতার ইডেন গার্ডেনে খেলছে ভারত-পাকিস্তান। সমর্থকদের উন্মাদনা আর স্থবির দুটি জাতি। টেন্ডুলকারের জন্য এটাই হতে পারে সবচেয়ে ভালো বিদায়।’
ওয়াসিম আকরামের মনে খেলতে থাকা এই কাল্পনিক দৃশ্য সত্যি করতে হলে অবশ্য আগে মেরামত করতে হবে ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক। ২০০৭ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত। তবে ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে নাকি পাকিস্তানকে দুটি টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানাবে ভারত। পাকিস্তান-ভারত ম্যাচ বেশি হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও উন্নতি হবে, এই বিশ্বাস কিন্তু আকরামেরও, ‘ক্রিকেটের সামর্থ্য আছে এই দুটি জাতিকে কাছাকাছি আনার। আমি আশা করছি সম্পর্কের উন্নতি হবে এবং আমার স্বপ্ন সত্যি করে ভারত-পাকিস্তান শিগগিরই টেস্ট খেলবে।’ এএফপি।