আকর্ষণের কেন্দ্রে টার্ফ
সাবেক ফুটবলার জাকির, ইকবাল, জয়রা বাফুফে ভবন চত্বরে এসেই বললেন, ‘টার্ফটা আগে দেখে আসি।’টার্ফ দেখতে তখন অনেক ভিড়। সবাই একবার ঘুরে এসেছেন ওদিকটা। কৃত্রিম টার্ফ বসানো হয়ে গেছে। আরামবাগ বালুর মাঠটা এখন কৃত্রিম সবুজে আচ্ছাদিত। দেখতে দারুণ লাগে। বোঝার উপায় নেই, কিছুদিন আগেও এটি ছিল উঁচু-নিচুু এবড়োখেবড়ো এক মাঠ।কাল বিকেলে টার্ফ উদ্বোধন করলেন এক দিনের ঝটিকা সফরে ঢাকা আসা ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। উদ্বোধনের পর ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে খেললেন ফিফা সভাপতি। মূলত ‘অনুশীলন ভেন্যু’ হিসেবেই এটি বসানো হয়েছে। এখনই অবশ্য এখানে অনুশীলন করা যাবে না। বড়দের ম্যাচ খেলার মতো দৈর্ঘ্য-প্রস্থও নেই। পাশে কিছু অংশ বাদ রাখলে মাঠের মাপ ৯৫ গজ – ৪৫ গজ।টার্ফের কাজ পুরোপুরি শেষ হতে আরও সপ্তাহ তিনেক লাগবে। তড়িঘড়ি করে টার্ফ বসানো হয়েছে ব্ল্যাটার উদ্বোধন করবেন বলে। ঘাসের উচ্চতা এখন ৬০ মিলিমিটার। ঘাসের নিচে বালু এবং রবারের গুঁড়া দেওয়া হবে। বালু-রবারের গুঁড়া দেওয়ার পর দেখা যাবে শুধু ওপরের অংশটাই।টার্ফ বসাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতানৈক্য দূর করতেই বছর পাঁচেক কেটে গেছে বাফুফের। অবশেষে এটি প্রতিস্থাপন করতে পারা বড় ‘সাফল্য’ই। তাতে বাফুফের মুখ রক্ষা হলো ব্ল্যাটারের কাছে। কেননা, এই টার্ফ বসানোর কাজ শেষ করা যাচ্ছিল না বলে ফিফার কাছ থেকে আরো টার্ফ প্রাপ্তিও আটকে গিয়েছিল। কৃত্রিম এই টার্ফের সবচেয়ে বড় সুবিধা, সব আবহাওয়ায় খেলা যায়। বাংলাদেশে বর্ষাকালে অনুশীলন করার জায়গা পাওয়া যায় না। এখন বর্ষাকালেও এখানে অনুশীলন করতে পারবে জাতীয় দল ও ক্লাব। সহজে নষ্ট হয় না এই টার্ফ। কমপক্ষে ৪-৫ বছর তো বটেই, যত্ন নিলে সাত-আট বছরও টিকে যায় একেকটি টার্ফ।সংশ্লিষ্ট প্রকৌশলী আসফারুল ইসলাম জানালেন, ‘এটি পলিপ্রোপাইলিন। নিচে ছিদ্র করা আছে। মাঠের নিচে গর্ত। মাটির নিচের পাইপ দিয়ে পানি চলে যাবে বাইরে। বর্ষাকালেও তাই পানি দাঁড়াবে না।’খুবই মসৃণ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের ধুলাবালিতে এটির সঠিক যত্ন নেওয়া যাবে কি না। বাফুফে কর্তারা যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এটির দাম আড়াই কোটি টাকারও বেশি। ইতালিয়ান কোম্পানি সিয়েসার তৈরি এই টার্ফ রক্ষণাবেক্ষণই একটা চ্যালেঞ্জ এখন বাফুফের।