আকসু কর্মকর্তার সঙ্গে ক্রিকেট জুয়াড়ির ঘনিষ্ঠতা!

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের (অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট—আকসু) কর্মকর্তা ধরমবীর সিং যাদবের সঙ্গে কি ক্রিকেট জুয়াড়ির সম্পৃক্ততা আছে?
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় গ্রেপ্তার হন ভারতীয় নাগরিক অতনু দত্ত। তাঁর সঙ্গে আকসুর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদবের কথোপকথনের যে তথ্য র্যাব পেয়েছে বলে দাবি করছে, তা থেকেই এই প্রশ্ন উঠেছে।
৩ এপ্রিল বেনাপোলে আটক হন অতনু দত্ত। তার আগে ২১ মার্চ ভারত-পাকিস্তান খেলার সময় সন্দেহবশত গোয়েন্দারা তাঁকে মিরপুর স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলেন। তখন ধরমবীর সিং যাদব তাঁকে ছেড়ে দিতে অনুরোধ করেন। তিনি দাবি করেন, অতনু ম্যাচ ফিক্সিং (পাতানো) বিষয়ে তাঁর একজন তথ্যদাতা। ওই সময় আকসুর প্রধান যোগীন্দ্র্র পল সিংও উপস্থিত ছিলেন। তখন র্যাব অতনুকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল।
প্রাপ্ত কাগজপত্রে দেখা যায়, ব্যবসায়ী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন অতনু। নিজেকে ‘ক্রিকেট ফ্যান’ পরিচয় দিয়ে মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে ওঠেন। পাসপোর্টে তাঁর পিতার নাম মণীন্দ্র দত্ত। ঠিকানা দেওয়া আছে, কলকাতার রিজেন্ট পার্ক এলাকার ৯৯ নম্বর সড়কের ড্রিমটপ রেসিডেন্সি।
২৪ মার্চ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলা নিয়ে বেটিং করার অপরাধে ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরের একটি বাড়ি থেকে ৩৬টি মোবাইলসহ চার যুবককে গ্রেপ্তার করে লুধিয়ানা পুলিশ। পাঞ্জাব পুলিশের কাছে বেটিংয়ের কৌশলও প্রকাশ করে তারা। সে খবর আসে আকসুর কাছে। ঢাকায় অবস্থানরত আকসু কর্মকর্তারা তা সরাসরি র্যাবকে জানান। বিপিএল কেলেঙ্কারির সময়ও আকসু তদন্তের জন্য সরাসরি র্যাবের সহায়তা নিয়েছিল।
র্যাব কর্মকর্তারা জানান, ঢাকায় বসে বাজিকরেরা তৎপরতা চালাচ্ছেন এবং খেলার মাঠ থেকে তাঁদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মাঠে নজরদারি শুরু করে র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লক্ষ করেন, মাঠে বসে কিছু লোক সার্বক্ষণিকভাবে ফোনে কথা বলে যাচ্ছেন। পুরো খেলার সময় তাঁদের ফোন-সংযোগ সচল থাকছে। সেই সূত্রেই গোয়েন্দা জালে আটকান অতনু।
তবে তখন যাদবের অনুরোধে ছেড়ে দিলেও গোয়েন্দা কর্মকর্তারা অতনু দত্তের ফোনে আড়ি পাতেন। তাতে দেখা যায়, ২১ মার্চ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের মধ্যে সুপার টেনের প্রথম ম্যাচের সময় মাঠে তিনি অনর্গল ফোনে কথা বলছিলেন। ফোনের অপর প্রান্তে ছিলেন কলকাতায় থাকা কুনাল দাগা নামের এক ব্যক্তি। সূত্র দাবি করেছে, কুনাল কলকাতার একজন ক্রিকেট জুয়াড়ি।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, এই প্রক্রিয়ায় তাঁরা আকসুর সদস্য ভারতীয় নাগরিক ধরমবীর সিং যাদবের সঙ্গে অতনু দত্তের যোগাযোগের বিষয়টিও নিশ্চিত হন। এক দিনের কথোপকথনে দেখা যায়, অতনু তাঁর ওপর গোয়েন্দাদের নজর পড়ার বিষয়টি যাদবকে জানান। যাদব তাঁকে বলেন, একবার বাঁচানো হয়েছে, দ্বিতীয়বার বাঁচানো কঠিন হয়ে যাবে। তিনি অতনুকে দ্রুত বাংলাদেশ ছাড়ার তাগিদ দেন।
এই অবস্থায় প্রিন্স হোটেল থেকে অতনুর পাসপোর্টের কপি সংগ্রহ করে তাঁকে কালো তালিকাভুক্ত করে বাংলাদেশ সরকার। তাঁর বাংলাদেশ ছাড়ার বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই পর্যায়ে ৩ এপ্রিল রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হন অতনু।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অতনু দত্তের বিষয়ে তথ্য থাকায় তাঁকে আটক করে ঢাকায় র্যাবের কাছে পাঠানো হয়।
অতনুর পাসপোর্টে দেখা যায়, ১৫ মার্চ তিনি বাংলাদেশে আসেন। ৩১ মার্চ তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। কিন্তু এর পরও তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন।
গ্র্যান্ড প্রিন্স হোটেলের ব্যবস্থাপক জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, গোয়েন্দারা পিছু নিয়েছেন দেখে অতনু ১ এপ্রিল চট্টগ্রামে খেলা দেখতে যাওয়ার কথা জানিয়ে হোটেল থেকে বের হয়ে যান। তিনি তাঁর মালপত্রও হোটেলে রেখে যান। পরে জানা যায়, তিনি বেনাপোলে ধরা পড়েছেন।
মিরপুর থানার অপারেশন কর্মকর্তা আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, র্যাব-৪-এর এসআই আবুল হাসনাত ৬ এপ্রিল বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৬৩ ধারায় অতনু দত্তের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। ওই দিনই তাঁকে আদালতে পাঠানো হয়।
আফজাল হোসেন জানান, ওই দিনই অতনুকে জামিন দেন মহানগর হাকিম মাহবুবুর রহমান।
কিন্তু অতনু দত্ত এখন কোথায় আছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা বলতে পারেননি। তাঁর পাসপোর্ট জব্দ আছে।
আদালত সূত্র জানায়, বেশ কয়েকজন আইনজীবী অতনু দত্তের মামলা পরিচালনায় অংশ নেন।
এঁদের অন্যতম এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, এক ক্রীড়া সংগঠক অতনুর জামিনের উদ্যোগ নিয়েছিলেন। মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় আদালত আসামির জামিন দেন। তবে ওই ক্রীড়া সংগঠকের নাম তিনি জানেন না বলে দাবি করেন।
জানতে চাইলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, অতনু দত্তের সঙ্গে আকসুর কর্মকর্তা ধরমবীর সিং যাদবের ঘনিষ্ঠতা আছে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের সময় অতনুর পক্ষে সাফাই দিয়েছিলেন এই কর্মকর্তা।
এ বিষয়ে বক্তব্য জানতে আকসুর প্রধান যোগীন্দ্র পল সিং (ওয়াই পি সিং) ও অভিযুক্ত কর্মকর্তা ধরমবীর সিং যাদবের সঙ্গে আকসুর ওয়েবসাইটে দেওয়া ব্যক্তিগত টেলিফোনে কথা বলে প্রথম আলো। একাধিকবার ফোনে এই দুই কর্মকর্তা অভিযোগের বিষয়টি শোনেন। সব শুনে দুজনই বলেন, ‘না, না, আমি সে লোক নই। রং নাম্বার।’
পরে আইসিসি ও আকসুকে এ বিষয়ে বক্তব্য চেয়ে ই-মেইল পাঠানো হয়। অবশ্য এর কোনো জবাব পাওয়া যায়নি।
তবে আকসুর ওয়েবসাইটে দেওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করা হলে আকসুর আরেকজন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক নিরঞ্জন সিং বার্ক ফোন ধরে পুরো অভিযোগ শোনেন। তারপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’
ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল বা বিপিএলের মতো আসরগুলোতে ম্যাচ গড়াপেটা নিয়ে উদ্বিগ্ন থাকে আইসিসি। তাই যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আকসুর বিশেষ নিরাপত্তা দল সার্বক্ষণিকভাবে প্রতিটি ম্যাচ পর্যবেক্ষণ করে।
গত বছর বিপিএলেও তিনটি ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত হয় আকসুর তদন্তে। তবে গড়াপেটায় যাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিল আকসু, আপিলে তাঁরা সবাই দায়মুক্তি পান।
খেলোয়াড়দের মধ্যে শুধু মোহাম্মদ আশরাফুল, কৌশল লোকুয়ারাচ্চি ও লু ভিনসেন্ট দোষ স্বীকার করেছিলেন এবং কেবল তাঁরাই অপরাধী বলে প্রমাণিত হয়েছেন। এঁদের শাস্তির বিষয়টি এখনো ঝুলে আছে।
১২ সেকেন্ডের ক্রিকেট জুয়া
মাঠ থেকে খেলার দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয়ে টেলিভিশনের পর্দায় ফুটে উঠতে সময় লাগে ১২ সেকেন্ড। মানে কয়েক মুহূর্ত। ক্রিকেটের জুয়াড়িদের (বুকি) কাছে এই সময়টুকুই অনেক দামি। এই মুহূর্তের তথ্য চালাচালিই জুয়ার মূল অস্ত্র।
সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চলার সময় মাঠের খেলা আর টিভি সম্প্রচারের মধ্যকার এই কয়েক মুহূর্তকে পুঁজি করে জুয়ার আসর বসেছিল ভারতের কলকাতা, মুম্বাইসহ বিভিন্ন শহরে। ঢাকায় প্রাপ্ত তথ্যমতে, সেমিফাইনালে এসে এই জুয়ায় কিছুটা ছেদ পড়ে। জুয়াড়িদের মাঠকর্মী অতনু দত্ত র্যাবের জিজ্ঞাসাবাদে ক্রিকেট জুয়ার খুঁটিনাটি জানান।
গ্রেপ্তারের পর অতনুকে র্যাব-৪-এর কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তিনি র্যাব কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, বিপিএল, আইপিএল, এশিয়া কাপসহ সব আন্তর্জাতিক খেলায় তিনি মাঠে উপস্থিত থাকেন। তাঁর মূল কাজ আকসু কর্মকর্তা ধরমবীর সিং যাদবের জন্য ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করা। কিন্তু এটা করতে গিয়ে বুকিদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের হয়ে তিনি মাঠ থেকে তথ্য দিতে শুরু করেন। আর এ তথ্যই জুয়ার মূল রসদ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, অতনু জানিয়েছেন, টি-টোয়েন্টিতে জুয়াড়িরা বাংলাদেশের বাইরে বসে জুয়া ধরেন। অতনু যে জুয়াড়িদের পক্ষে কাজ করেন, মাঠে বসে ফোনে কে আউট হচ্ছেন, কে কত রান করছেন, সঙ্গে সঙ্গে তা তাদের জানিয়ে দেন। সাত-আট বছর ধরে এভাবে জুয়াড়িদের হয়ে মাঠ থেকে তথ্য জুগিয়ে আসছেন তিনি।