আকসু প্রতিবেদনের আগেই প্রিমিয়ার লিগ!
বিপিএল নিয়ে আকসুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেতে আরও মাস খানেক লাগবে। তত দিন তো আর সব বন্ধ করে বসে থাকতে পারে না বিসিবি! আকসুর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় না থেকে তাই সম্ভবত আবার আলোর মুখ দেখছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সব ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি মাঠে গড়াতে পারে লিগ।এর আগে লিগ শুরু দূরের কথা, তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত খেলোয়াড়দের লটারি করাও কঠিন বলে মন্তব্য করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রিমিয়ার লিগের মাঝখানে যদি আকসুর তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয় এবং তাতে অনেক খেলোয়াড়ের নাম জড়িয়ে যায়, সে শঙ্কা থেকেই কথাটা বলেছিলেন তিনি। কিন্তু লন্ডনে তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে লিগ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বিসিবি।ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) প্রধান জালাল ইউনুস কাল সেই নতুন ভাবনার কথাই জানালেন, ‘যেহেতু আকসুর রিপোর্ট পেতে দেরি হচ্ছে, আমরা লিগ শুরুর চিন্তাভাবনা করছি। সে লক্ষ্যে ক্লাবগুলোকে নতুন বাইলজ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করি, পরশু (কাল) বোর্ড সভাপতি দেশে ফেরার পর দলবদলের (লটারি) একটা সম্ভাব্য তারিখ জানাতে পারব। তত দিনে ক্লাবগুলোর কাছ থেকেও বাইলজ-সংক্রান্ত মতামত পেয়ে যাব আশা করি।’ ৮-১০ তারিখের মধ্যে গ্রেডিং পদ্ধতিতে খেলোয়াড়দের দলবদল সম্পন্ন করে জুলাইয়েরই মাঝামাঝি সময়ে লিগ শুরুর চিন্তাভাবনা আছে বোর্ডের।তবে লিগ নিয়ে নতুন চিন্তাভাবনা এই বর্ষায় কতটা বাস্তবে রূপ পাবে, সেটাও একটা প্রশ্ন। সিসিডিএমের প্রতিটি ম্যাচের জন্য অতিরিক্ত দিন বরাদ্দ রাখার পরিকল্পনার পরও কর্দমাক্ত পিচ্ছিল মাঠে মুখ থুবড়ে পড়তে পারে লিগ। তা ছাড়া ২ আগস্ট ‘এ’ দল চলে যাচ্ছে ইংল্যান্ড সফরে, আগস্টের মাঝামাঝি অনূর্ধ্ব-২৩ দল যাবে সিঙ্গাপুরে। লিগের জন্য দলগুলো খেলোয়াড় পেলেই হয়।আর যে শঙ্কার কারণে লিগ শুরু করার জন্য আকসুর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় থাকার কথা বলেছিলেন বোর্ড সভাপতি, সেটাও তো রয়ে যাচ্ছে এখনো। সাময়িকভাবে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল ছাড়া আর কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে লিগের মাঝপথে যে বিপদেই পড়ে যাবে তাদের দলে টানা ক্লাবগুলো! এ সমস্যারও একটা সমাধান ভেবে রেখেছেন সিসিডিএম প্রধান, ‘এটা ঠিক, সমস্যাটা রয়ে যাচ্ছে। তবে আমরা হয়তো ক্লাবগুলোর সঙ্গে সেভাবে কথা বলে নেব। যদি তালিকায় আর কারও নাম এসেই যায়, পরে যেন তার রিপ্লেসমেন্ট নেওয়া যায়, সে রকম কোনো ব্যবস্থা রাখা হতে পারে।’একটি সূত্রে অবশ্য জানা গেছে, ক্লাবগুলোর এ রকম সমস্যায় পড়ার সম্ভাবনা তেমন একটা নেই। আকসুর কাছ থেকে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনো হাতে না পেলেও বিসিবি মোটামুটি নিশ্চিত, বিপিএল ফিক্সিংয়ের বাংলাদেশ অংশে দোষী হিসেবে আশরাফুল ছাড়া সর্বোচ্চ দুজন ক্রিকেটারের নাম আসতে পারে। সঙ্গে দোষী হিসেবে চিহ্নিত হতে পারেন একজন সাবেক ক্রিকেটারও। কাজেই লিগ শুরু করে দিলেও খুব বেশি জটিলতা হবে না বলে আশাবাদী বোর্ড। তা ছাড়া ফিক্সিং-কেলেঙ্কারিতে খেলোয়াড়দের চেয়ে নাকি ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের অপরাধটাকেই বড় করে দেখছে আকসু। তদন্ত করতে গিয়ে আরও দু-একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ পেলেও সেসবের সপক্ষে নাকি কোনো প্রমাণ পাওয়া পায়নি।