আকসুর দুই কর্মকর্তা ঢাকায়
বিপিএলের ফিক্সিং তদন্তের একেবারে শেষ পর্যায়ে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু)। এই শেষ পর্যায়েরই কিছু কাজ সারতে পরশু রাতে দুই দিনের জন্য আবারও ঢাকায় এসেছেন আকসুর দুই কর্মকর্তা।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আকসুর কর্মকর্তাদের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেও তাঁদের কর্মপরিকল্পনা সম্পর্কে কিছু জানাতে রাজি হননি। তবে আভাস দিয়েছেন, আকসুর কর্মকর্তারা এবারই বিপিএল-ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন দিয়ে যাবেন, এমন সম্ভাবনা কম, ‘এসব ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া কঠিন। তবে মনে হয় না, এবারই প্রতিবেদন পাওয়া যাবে।’
এবারের সফরসূচিতে বিসিবির সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আকসুর কর্মকর্তাদের নির্ধারিত কোনো সাক্ষাৎকার নেই বলেও জানিয়েছেন তিনি। এসিসির সভা শেষে মালয়েশিয়া থেকে আজই দেশে ফেরার কথা সভাপতির। ওদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, তদন্তের প্রক্রিয়া সম্পর্কে আপাতত বিসিবিকে কিছুই জানাচ্ছেন না আকসুর কর্মকর্তারা। এমনকি এবার তাঁরা কার কার সঙ্গে কথা বলছেন, সেটাও বলতে পারেননি কেউ।