আকসুর নিয়ন্ত্রণেও তিন জমিদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি-সংশ্লিষ্টতার অভিযোগে নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের পদ যাঁকে ছাড়তে হয়েছে, সেই লোকটির কাছেই সরাসরি রিপোর্ট করতে হবে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে! এমনিতে আকসুকে (দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট) বলা হয় ক্রিকেটের স্বাধীন প্রহরী৷ কিন্তু আইসিসির গত এপ্রিলের সভায় প্রস্তাব করা হয়েছে, সংস্থাটিকে সরাসরি রিপোর্ট করতে হবে আইসিসি চেয়ারম্যানের কাছে৷ আইসিসি সভাপতির ক্ষমতা খর্ব করে সৃষ্টি করা হয়েছে এই চেয়ারম্যান পদ৷ আর প্রথম চেয়ারম্যান হতে যাচ্ছেন বিসিসিআইর অপসারিত প্রধান এন শ্রীনিবাসন৷ এখনকার নিয়ম অনুযায়ী আকসু রিপোর্ট করে আইসিসির প্রধান নির্বাহীর কাছে৷
ইএসপিএনক্রিকইনফোর দাবি, এপ্রিলের দুবাই সভায় আকসুর দায়িত্ব ও কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনা করা হয়৷ আকসু যখন গঠন করা হয়েছিল, সেই সময় থেকে এখন ক্রিকেটের বাস্তবতা অনেক বদলে গেছে, এই যুক্তিতে আকসু পুনর্গঠনের প্রস্তাবটি তোলা হয়েছে৷ পর্যালোচনার প্রতিবেদন দেওয়ার জন্য চারজনের একটি দল গঠন করা হয়েছে যাতে আছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একজন করে প্রতিনিধি৷ কার্যত তাই বলা যায়, আকসুর ওপরও এখন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ছক কষছে তিন জমিদার৷ ‘টেস্ট দলগুলোর দুর্নীতি দমন বিভাগের সঙ্গে যোগাযোগ আরও ঘনিষ্ঠ’ করতে কেন্দ্রীয় আকসুর পরিধিও অনেকখানি কমিয়ে আনার কথা বলা হয়েছে প্রস্তাবে৷
পর্যালোচনার যে যুক্তি দেখানো হয়েছে, তা নিয়ে খুব একটা দ্বিমত থাকার কথা নয়৷ ২০০০ সালে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান লর্ড কনডনকে প্রধান করে গঠন করা হয়েছিল আকসু৷ তখন ক্রিকেটে দুর্নীতির ক্ষেত্র অনেক ছোট ছিল৷ কিন্তু এখন টি-টোয়েন্টির আবির্ভাব, আইপিএলসহ বিভিন্ন টি-টোয়েন্টি লিগের কারণে দুর্নীতি হচ্ছে নানাভাবে, নানা পথে, নিত্যনতুন উপায়ে৷ সময়ের দাবি মেটাতে আকসুকে ঢেলে সাজানোর আলোচনা চলছিল তাই অনেক দিন থেকেই৷ কিন্তু সেই ঢেলে সাজানো মানে যদি হয় তিন জমিদারের নিয়ন্ত্রণে চলে যাওয়া, তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আবারও শঙ্কিত হওয়র কারণ যথেষ্টই আছে৷ গত ১৪ বছরে আকসু খুব সফল হয়েছে, এমনটা বলা যাবে না৷ এ জন্য সমালোচনাও কম হয়নি৷ আবার এটাও ঠিক, আকসুর ক্ষমতাও ছিল খুব সীমিত৷ যেখানে আরও সময়োপযোগী করে গড়ে তোলা প্রয়োজন, সেখানে কিনা আকসুকে আরও বিতর্কিত করা হচ্ছে!
সভায় এই প্রস্তাবে বিিভন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে নাকি মিশ্র প্রস্তাব দেখা দেয়৷ তবে আইসিসিকে নিয়ন্ত্রণে নেওয়ার ছক যেভাবে বাস্তবায়ন প্রায় করে ফেলেছে, তাতে তিন জমিদারের নতুন এই পরিকল্পনাও সফল হবে সন্দেহ নেই৷ এত দিন খুব কার্যকরী না হলেও অন্তত আকসু বলে স্বাধীন একটি সংস্থা তো ছিল! এখন শ্রীনিবাসনের কাছেই যদি রিপোর্ট করতে হয়, আকসুর কার্যকারিতা নিয়ে শঙ্কার কারণ তো তৈরি হয়ই৷ স্মরণযোগ্য, আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারিও পর্যবেক্ষণ করছে আকসু৷ চাইলে শ্রীনিবাসনের ভাবনার জায়গাটাও পড়ে ফেলতে পারেন! ওয়েবসাইট৷