আকসুর রিপোর্ট পেতে আরও এক মাস!
চলতি ইংল্যান্ড সফরে তো নয়ই, বিপিএল নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদন শিগগিরই হাতে পাচ্ছে না বিসিবি। চূড়ান্ত প্রতিবেদন পেতে আরও মাস খানেক সময় লাগবে বলে মনে করছেন লন্ডনে আইসিসির বার্ষিক সভায় যোগ দিতে যাওয়া বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।পরশু লন্ডনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে আকসু কর্মকর্তাদের। আলোচনার বিস্তারিত না বললেও নিজাম উদ্দিন চৌধুরী কাল রাতে টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন, ‘আকসু আমাদের জানিয়েছে যে তদন্ত এখনো শেষ হয়নি। তাই তারা এখনই রিপোর্ট দিতে পারছে না। বিপিএল নিয়ে সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে কথা বলা বাকি আছে। আকসু কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর মনে হচ্ছে, চূড়ান্ত রিপোর্ট পেতে আরও অন্তত এক মাস লেগে যেতে পারে।’ তদন্ত প্রতিবেদনে কী থাকতে পারে, সে ব্যাপারে আকসু কোনো আভাস দেয়নি বলেও জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী।আকসু কর্মকর্তাদের সঙ্গে বিসিবির আলোচনাটা হয়েছে আইসিসির বার্ষিক সভার বাইরে। আর বার্ষিক সভার আগে প্রধান নির্বাহীদের সভায় উঠে এসেছে বাংলাদেশে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কার কথাও। ‘প্রধান নির্বাহীদের সভায় ভেন্যুর প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করা হলেও আমরা সময়মতো সব প্রস্তুতি শেষ করার নিশ্চয়তা দিয়েছি। কোনো ভেন্যু নিয়ে সমস্যা হলে বিকল্প ভেন্যুও বাংলাদেশ থেকেই হবে। বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই’—বলেছেন নিজাম উদ্দিন চৌধুরী।