আকাশ ছুঁতে চাইছেন কোর্তোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাদামেল ফ্যালকাও বলেছিলেন, ‘কোনো সন্দেহ নেই, সে বিশ্বসেরা।’ তার আগে অ্যাটিলেটিকো মাদ্রিদের বেলজিয়ান ডিফেন্ডার টোবি অলডারওয়াইল্ডের কথাটা শুনুন, ‘সে অবিশ্বাস্য। সে যেকোনো কিছুই করতে পারে।’

কার ছবি ভেসে উঠছে চোখের সামনে? গোলবুভুক্ষু কোনো দুর্ধর্ষ স্ট্রাইকারের? বল নিয়ে দারুণ কারিকুরি করা কোনো মিডফিল্ডারের? একটু অবাক হতে পারেন, কথাগুলো একজন গোলরক্ষককে নিয়ে বলা। ‘বেলজিয়াম’ ও ‘অ্যাটলেটিকো মাদ্রিদ’ থেকেই হয়তো অনেকে বুঝে ফেলেছেন। ফ্যালকাও-অলডারওয়াইল্ডের এমন উচ্ছ্বাস ২২ বছর বয়সী গোলরক্ষক থিবো কোর্তোয়াকে নিয়েই।

বেশ কয়েক বছর ধরেই ইউরোপের মঞ্চে আলো ছড়াচ্ছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোলের নিচে কোর্তোয়া এখন দারুণ বিশ্বস্ত নাম। টানা দুই বছর লা লিগায় সবচেয়ে বেশি ‘ক্লিন শিট’ রাখার জন্য সেরা গোলরক্ষকের ‘রিকার্ডো জামোরা’ পদক পেয়েছেন। গত মৌসুমে টানা ৮২০ মিনিট কোনো গোল না খেয়ে ক্লাবের হয়ে নতুন একটা রেকর্ডও করেছিলেন।

শুধু ক্লাব নয়, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতীয় দলেও। বেলজিয়ামের সর্বকনিষ্ঠ গোলরক্ষক হিসেবে অভিষেক হয়েছিল ২০১১ সালে। গত বছর থেকেই কোচ মার্ক উইলমটসের প্রথম পছন্দ, খেলেছেন বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি ম্যাচেই। ক্লাবের ফর্মটা টেনে এনেছেন এখানেও, বাছাইপর্বের ১০টি ম্যাচের ছয়টিতেই কোনো গোল খাননি। ৬ ফুট ৬ ইঞ্চির উচ্চতার সঙ্গে দারুণ রিফ্লেক্স, বাতাসে ক্ষিপ্রতা, অসাধারণ পজিশন জ্ঞান—পরিপূর্ণ গোলরক্ষক হওয়ার সব গুণই আছে তাঁর মধ্যে। আর যা-ই হোক, বিশ্বকাপে বেলজিয়ামকে গোল দেওয়ার কাজটা কঠিনই হবে।

অথচ এমন পারফরম্যান্সের পরও ভবিষ্যৎ অনিশ্চিত কোর্তোয়ার। এটুকু পড়ে যদি অবাক হন, তাহলে  আরেকটা তথ্য জেনে নিন৷ তিন মৌসুম যে ক্লাবের হয়ে খেলেছেন, আদতে তিনি সেই ক্লাবের খেলোয়াড়ই নন!

২০১১ সালে বেলজিয়ান ক্লাব গেঙ্ক থেকে কোর্তোয়াকে পাঁচ বছরের চুক্তিতে নিয়ে আসে চেলসি। তখন কোর্তোয়ার বয়স মাত্র ১৯, তরুণ গোলরক্ষককে লন্ডনের ক্লাবকে ধারে পাঠিয়ে দেয় অ্যাটলেটিকোতে। বাকি গল্পটা ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ প্রথম মৌসুমেই দলকে জিতিয়েছেন ইউরোপা লিগ। পরেরবার উয়েফা সুপার কাপ জেতার পর জিতেছেন কোপা ডেল রে। এবারের অর্জনটা তো আরও বড়। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের আধিপত্যে হানা দিয়েছে অ্যাটলেটিকো, মৌসুমের শেষ দিনে জিতেছে লা লিগা। আরও বড় অর্জনের হাতছানি সামনে। চ্যা​িম্পয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

অথচ কোর্তোয়াকে এখন কথা বলতে হচ্ছে সম্ভাব্য গন্তব্য নিয়ে। চেলসি চাইলে এখন তাঁকে ফিরিয়ে নিতে পারে। কিন্তু সেখানে পিওতর চেক এখনো দারুণ করছেন, কোর্তোয়া কি প্রথম একাদশে সুযোগ পাবেন? তরুণ গোলরক্ষক আভাস দিলেন, বেঞ্চে বসে থাকাটা কোনোভাবেই মেনে নেবেন না।

সেই প্রশ্ন আপাতত তোলা থাক। কদিন পরেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, তার পর বিশ্বকাপ। থিবো নিকোলাস মার্ক কোর্তোয়ার সামনে এখন আকাশ ছোঁয়ার হাতছানি। ওয়েবসাইট৷