আকাশসম আক্ষেপ আমিরের
বয়স কুড়িও পার হয়নি। দারুণ প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল তাঁর ক্রিকেট ক্যারিয়ার। ওয়াসিম আকরামের পর পাকিস্তান ক্রিকেটে আরেক বাঁ-হাতি পেস সেনসেশন হিসেবেই দেখা হয়েছিল মোহাম্মদ আমিরকে। কিন্তু ক্ষণিকের লোভ সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারকে করে দিয়েছে ওলট-পালট। স্পট ফিক্সিং কেলেঙ্কারি কারণে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য বহিষ্কৃত আমিরের সময় কাটে এখন মাঠের বাইরে, নিভৃতে-নীরবে। অথচ, সদ্য সমাপ্ত বিশ্বকাপ বর্ণিল পারফরম্যান্সে আলোকিতই করার কথা ছিল এই বাঁ-হাতি পেসারের।বিশ্বকাপটি ঘরে বসে দেখতে হল। ব্যাপারটি দারুণ মনোঃপীড়ার কারণ হয়েছে আমিরের জন্য। পাকিস্তানের প্রতিটি খেলাই তিনি দেখেছেন ঘরে বসে। আক্ষেপ আর বেদনার পাশাপাশি চোখের কোনে মাঝে-মধ্যে জমা হয়েছে অশ্রুজলও। চোখের পানি মুছতে মুছতেই অনুভব করেছেন, বিশ্বকাপ খেলতে না পারার বেদনা হয়তো ভুলতে পারবেন না বাকি পুরো জীবন।‘আমার কখনোই এই আক্ষেপ যাবে না। বিশ্বকাপ খেলতে না পারার বেদনা ভুলে যাওয়ার মতো নয়।’ হতাশ আমিরের প্রতিক্রিয়া।আমিরের আক্ষেপ আরো বেড়েছে, বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই নিজের দেশের বিদায়ে। মোহালির সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয় মনের জ্বালা কেবল বাড়িয়েছেই।আমিরের মতে, ভারতের বিপক্ষে শোয়েব আকতারকে খুব মিস করেছে পাকিস্তান। তিনি বলেন, ‘যদিও শোয়েব আকতার পুরোপুরি ফিট ছিলেন না। কিন্তু ভারতের বিপক্ষে তাঁকে অন্তর্ভুক্ত করা হলে তিনি হয়তো একটা অবদান রাখতে পারতেন।পাঁচ বছর পর বহিষ্কারাদেশ কাটিয়ে তিনি ক্রিকেটে ফিরবেন বলে স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কোনো দোষ নেই। কিন্তু সত্যিই তিনি ফিরতে পারবেন কিনা, আর ফিরলেও ছন্দে থাকবেন কিনা, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।প্রায়শ্চিত্তের আগুনে পুড়ে, নিজেকে পরিশুদ্ধ করেই আমির ফিরুন আন্তর্জাতিক ক্রিকেটে। এই কামনা এখন, সব ক্রিকেটামোদীদেরই। ডেইলি টাইমস।