আকাশী এখনো অক্লান্ত
১৯৮৩ সালে যখন খেলা শুরু করেছিলেন, ভাবেননি এতটা পথ পেরোবেন। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। আকাশী সুলতানার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আজ তিনি বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের এক বিস্ময়। খেলতে যাচ্ছেন নিজের সপ্তম বাংলাদেশ গেমস।নিজেই বলছেন, বয়স ৪৭ চলছে। সমকালীন খেলোয়াড়েরা বহু আগেই বিদায় নিয়েছেন। নাতিনাতনি নিয়ে এখন সময় কাটান। আকাশী খেলার মাঠ ছাড়েননি। তবে অবসরভাবনা তাঁর মনে উঁকি দিচ্ছে ঠিকই। কিন্তু এই বাংলাদেশ গেমস দিয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন কিনা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত। ‘আমার ইচ্ছে ভালো কিছু করে তবেই বিদায় বলব। যদি এই বাংলাদেশ গেমসে ভালো করি তাহলে হয়তো আর খেলব না। খারাপ হলে খেলা চালিয়ে যাব’—কাল বলছিলেন আকাশী সুলতানা।সাইক্লিস্ট আকাশী এবার বাংলাদেশ গেমসে ছয়টি ইভেন্ট করবেন, আশা করছেন অন্তত তিনটি সোনা জিতবেন। বয়সকে হার মানিয়ে সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায়ও তিনটি সোনা পেয়ে বুঝিয়ে দিয়েছেন, বয়স পেছনে টেনে ধরতে পারেনি। তবে আকাশী সাইক্লিস্ট পরিচয় ছাপিয়ে একটা কালের সাক্ষীই হয়ে উঠেছেন।খেলার মাঠে কাটালেন ৩০ বছর। খেলেছেন ২৭টি জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায়। সেই ১৯৭৮ সালে বাংলাদেশ গেমস শুরু। ’৮৪-তে দ্বিতীয় বাংলাদেশ গেমসে প্রথম খেলেছেন, তারপর টানা খেলে এসেছেন সব কটি গেমসেই। আগের সাতটি বাংলাদেশ গেমসের মধ্যে ছয়টিই খেলেছেন। বিপুল অভিজ্ঞ আকাশী এখন খেলছেন তাঁর তিন ভাগের এক ভাগ বয়সী মেয়েদের সঙ্গেও!নিজের অতীতে তাকিয়ে আকাশীর খুব তৃপ্তিই লাগে, ‘ক্রীড়াঙ্গনে আমার প্রথম বছরটা ভালো কাটেনি। তবে পরের বছর থেকেই সোনা জয় শুরু। আর পেছনে তাকাইনি। সব মিলিয়ে ৫১টি সোনা জিতেছি। হয়তো আরও জিতব।’এতটা আত্মবিশ্বাস কী করে পান আকাশী, বাইরের থেকে ভেবে বিস্মিত হতে পারেন অনেকে। কিন্তু তিনি নিজেই বলেন, ‘বাংলাদেশের মেয়েরা কুড়িতে বুড়ি’ প্রবাদটাকে ভুল প্রমাণ করেছেন। এখনো নাকি তারুণ্যের অনুভূতি তাঁকে চালিত করে, ‘আমার তো এখনো নিজেকে ২০ বছরের তরুণীর মতো লাগে। হাঁটুতে একটু চোট আছে, ওটুকু না থাকলে মানসিক শক্তিটা আরও বেশি পেতাম।’‘ক্রীড়াঙ্গন থেকে কী পেলাম?’—এই আক্ষেপ তাঁর সারা জীবনের সঙ্গী হয়ে যাচ্ছিল। গত বছর গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার পেয়ে সেই ভুলটা ভাঙে। এই পুরস্কারটা পেয়েই বলেছিলেন, ‘এটা আমার কাছে বড় এক প্রাপ্তি।’ কাল সে কথা মনে করলেন আবারও, ‘ওই পুরস্কারটা পেয়ে আমার উৎসাহ বেড়ে গেছে আরও। মন চায় আরও কয়েক বছর খেলে যাই।’তবু একটা সময় থামতে হয়। আকাশী তা জানেন। তাই অবসর নিয়ে কথাও বলেছেন নিজের প্রতিষ্ঠান বাংলাদেশ আনসারের দু-একজন কর্মকর্তার সঙ্গে। কিন্তু কর্মকর্তারা তাঁকে অবসরভাবনা আপাতত বাদ দিতে বলেছেন।‘আর কত? বিদায় নেয় না কেন?’—অনেককেই এই প্রশ্নের মুখে পড়তে হয়। আকাশীর বেলায় উল্টো। তাঁর একটাই মাত্র ছেলে, ১৭ বছর বয়স। ছেলের কারণে খেলা থেকে দূরে থাকতে হয়নি, এখনো ছেলে কোনো সমস্যা নয়।অবসর নিলে আনসারের সঙ্গে সম্পর্কটা কাগজে-কলমে ছিন্ন হবে। তবে কোচ হয়ে আনসারের সঙ্গেই তাঁর থাকার ইচ্ছা। থাকেন সফিপুরে আনসার একাডেমির পাশে নিজের বাড়িতে। গেমস উপলক্ষে এসেছেন খিলগাঁও আনসার হোস্টেলে। যেখানেই থাকুন, এখনো খেলা নিয়ে উৎসাহ সেই প্রথম দিনটির মতোই! এটা আছে বলেই তো আকাশীর আকাশ হওয়ার আকাঙ্ক্ষা!